এছাড়া বর্তমানে ৫০টি কূপ খনন/ওয়ার্কওভার প্রকল্প অব্যাহত রয়েছে। পেট্রোবাংলা স্থলভাগে বিভিন্ন এলাকায় গ্যাস অনুসন্ধানে অনশোর বিডিং রাউন্ড আহ্বানের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে পেট্রোবাংলা সাগরে গ্যাস অনুসন্ধানে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে এরই মধ্যে সাতটি কোম্পানি তথ্য-উপাত্ত কিনেছে। অফশোর দরপত্রকে আকর্ষণীয় করতে দেশে প্রমোশনাল সেমিনারের আয়োজন করা হবে।
দেশের গ্যাসের উৎপাদন বাড়াতে শুধু নতুন কিংবা পুরনো কূপ নয়, বরং দীর্ঘদিন পড়ে থাকা সাপেন্ডেড কূপকে পুনরায় উৎপাদনক্ষম করার জন্য বিদেশী কোম্পানি আগ্রহ দেখিয়েছে। তারা নিজেদের বিনিয়োগে এসব কূপ থেকে গ্যাস তুলে পেট্রোবাংলার কাছে বিক্রি করবে। দেশে গ্যাসের উৎপাদন বৃদ্ধিতে নতুন নতুন কূপ খননে উদ্যোগ দ্রুত নেয়া হচ্ছে।
পেট্রোবাংলা তার গ্যাস উত্তোলন কোম্পানিগুলো কীভাবে আরো জোরালোভাবে অনুসন্ধান, উত্তোলনের গতি বাড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে। আমরা মনে করি লক্ষ্যমাত্রা অনুসারে এক্সপ্লোরেশন তথা কূপ খননের গতি আরো বাড়ানো গেলে নতুন করে গ্যাসের মজুদ আরো বাড়ানো যাবে।
মো. শোয়েব: পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট), পেট্রোবাংলা ও পরিচালক, পেট্রোবাংলা পরিচালনা পর্ষদ










