বলা হয় রান্না হলো মানসিক ও শারীরিক কাজের সমন্বয়। অনেকেই রান্নাকে শিল্পের সঙ্গেও তুলনা করে। সুতরাং যে কাজটি করতে গিয়ে শারীরিক ও মানসিক পরিশ্রম হয়, সে কাজ করার জায়গাটি অবশ্যই আরামদায়ক ও সহজ হতে হবে। তাতে কাজটি করতে যেমন মানসিক কষ্ট হবে না, তেমন শারীরিক কষ্টও কম হবে
কিচেন অ্যাপ্লায়েন্স ও তাদের ব্যবহার
আধুনিক সব প্রযুক্তির ছোঁয়া রাখার চেষ্টা করা হয় স্মার্ট কিচেনগুলোয়। সেদিক থেকে অটোমেশনের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে এখন। কিচেনের প্রতিটি জায়গায় সেন্সরের ব্যবহার নিশ্চিত করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বলে। প্যানেল খোলার সঙ্গে সঙ্গে লাইট জ্বলে উঠবে। স্পর্শ ছাড়াই বার্নার চালু হয়ে যাবে, ভ্যাকুয়ামটাও অটো চালু হবে। এসবই হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। লেটেস্ট টেকনোলজির অনেক কিছু স্মার্ট কিচেন ক্যাবিনেটের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। এর অনেকগুলো আনটাচেবল, অনেকগুলোয় আছে সেন্সর।
স্মার্ট রাইস কুকার
হোম অ্যাপ্লায়েন্সের অন্যতম জনপ্রিয় একটি জিনিস রাইস কুকার। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এখন বাজারে পাওয়া যায় স্মার্ট রাইস কুকারও। স্মার্ট রাইস কুকার স্বয়ংক্রিয়ভাবে চাল সেদ্ধ করতে পারে এবং তাপমাত্রা ও সময় নিয়ন্ত্রণ করতে সক্ষম। এর কিছু মডেল স্মার্টফোন অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যা রান্নার সময়সূচি নির্ধারণ ও পর্যবেক্ষণ করা সম্ভব করে।
স্মার্ট ব্লেন্ডার ও জুসার
এ ধরনের ব্লেন্ডার ও জুসারগুলো বিভিন্ন গতিতে চালানো যায় এবং স্মার্টফোনের মাধ্যমে পরিচালনা করা যায়। স্মার্ট ব্লেন্ডারগুলো নির্দিষ্ট রেসিপি অনুযায়ী উপকরণের পরিমাণ নির্ধারণ করতে পারে।
স্মার্ট কফি মেশিন
সকালবেলা এক কাপ গরম কফি তৈরি করা আরো সহজ হয়েছে স্মার্ট কফি মেশিনের মাধ্যমে। ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন অ্যাপের মাধ্যমে মেশিন নিয়ন্ত্রণ করতে পারেন এবং নির্দিষ্ট সময়ে কফি প্রস্তুত করতে পারেন।
ওভেন ও মাইক্রোওয়েভ
হোম অ্যাপ্লায়েন্সের আরেকটি প্রয়োজনীয় উপাদান ওভেন ও মাইক্রোওয়েভ। বাজারে সেন্সর ও সেন্সরবিহীন দুই ধরনের ওভেন ও মাইক্রোওয়েভ পাওয়া যায়। ওভেন ও মাইক্রোওয়েভ সেন্সর প্রযুক্তির মাধ্যমে নিজেই খাবার গরম করার সময় ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
রেফ্রিজারেটর
হোম অ্যাপ্লায়েন্সের কথা বললে সবার আগে মাথায় আসে রেফ্রিজারেটরের কথা। আগে সাধারণত ডাইনিং রুমেই রেফ্রিজারেটর বা ফ্রিজ রাখা হতো। তবে স্মার্ট কিচেনের ধারণা বিকশিত হওয়ার পর থেকে অনেকেই রান্নাঘরে রাখেন ফ্রিজ। এক্ষেত্রে ফ্রিজের কিছুটা বাড়তি যত্ন নিতে হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে রেফ্রিজারেটর উৎপাদনকারী প্রতিষ্ঠানও আধুনিক প্রযুক্তি সংযুক্ত করছে ফ্রিজে। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় হয়ে উঠেছে স্মার্ট রেফ্রিজারেটরের ধারণা। এ ধরনের রেফ্রিজারেটর ফুড ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে খাবারের মেয়াদ ও সংরক্ষণ পরিস্থিতি জানিয়ে দেয়। কিছু মডেল স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় এবং অটোমেটিক তাপমাত্রা সামঞ্জস্য করতে পারে।
ইনডাকশন কুকটপ
স্মার্ট ইনডাকশন কুকটপগুলো নির্দিষ্ট তাপমাত্রায় রান্নার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে, যা রান্নার সময় ও জ্বালানি সাশ্রয় করতে সহায়তা করে।
ডিশওয়াশার
এ ধরনের ডিশওয়াশার স্বয়ংক্রিয়ভাবে খাবারের দাগ নির্ধারণ করে এবং উপযুক্ত পরিষ্কার করার মোড নির্বাচন করে।
ইনডাকশন ও ইনফ্রারেড চুলা
গ্যাসের সরবরাহ সংকট আবাসিক এলাকাগুলোয় নতুন নয়। এ যন্ত্রণা এড়াতে সহায়ক ইনফ্রারেড ও ইনডাকশন কুকার। তাড়িত চৌম্বক শক্তিকে ব্যবহার করে প্রয়োজনীয় তাপশক্তির জোগান দেয় ইনডাকশন চুলা। এর কাচ-সিরামিক প্লেটের নিচে থাকে তামার কয়েল, যেটি তাড়িত চৌম্বক শক্তির জোগান দেয়। বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থায় চৌম্বক পদার্থের তৈজসপত্র রাখা হলে চুলাটি সক্রিয় হয়ে ওঠে। বিদ্যুৎ প্রবাহ থেকে অভ্যন্তরীণ তামার কয়েলকে উত্তপ্ত করে রান্নার জন্য তাপ উৎপন্ন করে ইনফ্রারেড চুলা। এগুলো মূলত হ্যালোজেন লাইট (যা ইনডাকশন লাইট নামেও পরিচিত) ব্যবহার ইনফ্রারেড বিকিরণ প্রক্রিয়ায় পাত্র গরম করে।
ওয়াটার পিউরিফায়ার
ওয়াটার পিউরিফায়ারের ব্যবহার সময় বাঁচায়। একই সঙ্গে নিরাপদ ও পরিষ্কার পানির সরবরাহ নিশ্চিত করে।
কিচেন হুড
স্বাস্থ্যকর জীবনের জন্য একটি উন্নতমানের কিচেন হুড খুবই জরুরি। আমাদের হরেক রকমের তেল, মসলার বাহারি রান্নাবান্না করা খাবারের সঙ্গে জড়িয়ে থাকে ক্ষতিকারক তেল, মসলাযুক্ত ধোঁয়া, যা কিনা আমাদের হৃৎপিণ্ড ও ফুসফুসের জটিল রোগ ব্যাধির কারণ হয়ে দাঁড়াতে পারে।
কিচেন হুড ব্যবহারের মাধ্যমে রান্না করার সময় সৃষ্ট ক্ষতিকারক তেল মসলাযুক্ত ধোঁয়া ও বাষ্প এবং বিভিন্ন পদার্থ রান্নাঘরের বাইরে চলে যায়। এসব বায়ুদূষণ পদার্থগুলোর সঙ্গে লড়তে কিচেন হুডই হতে পারে আপনার বন্ধু।
এগুলো ছাড়াও আরো অসংখ্য কিচেন অ্যাপ্লায়েন্স দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে দিনকে দিন। এর মধ্যে রয়েছে মাল্টি বার্নার চুলা, মাল্টি কুকার, কারি কুকার, টোস্টার, ইলেকট্রিক কেতলি, পাস্তা মেকার, দই মেকারসহ আরো অসংখ্য আধুনিক যন্ত্র।










