এসএমই খাত নতুন কর্মসংস্থান সৃষ্টি করে, বিশেষ করে তরুণ ও নারীদের জন্য এবং একই সঙ্গে প্রধান শহরাঞ্চলের বাইরে আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও সহায়তা করে। এসএমই ব্যবসা যত বাড়ে, ততই সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হয়, উৎপাদন বাড়ে, রফতানি বাড়ে এবং জিডিপিতে অর্থপূর্ণ অবদান রাখে। সুতরাং এসএমই খাতকে সহায়তা করা শুধু ব্যাংক খাতেরই অগ্রাধিকার নয়, বরং এটি একটি জাতীয় অর্থনৈতিক অগ্রাধিকারও বটে।

এসএমই খাতের জন্য সাউথইস্ট ব্যাংক কী কাজ করছে?

আমরা যোগ্য উদ্যোক্তাদের জন্য চলতি মূলধন অর্থায়ন, ব্যবসা সম্প্রসারণের জন্য মেয়াদি ঋণ, ট্রেড ফাইন্যান্স এবং জামানতবিহীন ঋণসহ এসএমই অর্থায়নের জন্য একটি বৃহৎ পরিসরে কাজ করে আসছি। আমরা নারী উদ্যোক্তাদের অপেক্ষাকৃত স্বল্পসুদে বিশেষায়িত আর্থিক সুবিধা দিয়ে থাকি।

এসএমই খাতের সেবাকে আরো সহজলভ্য করার জন্য আমরা আমাদের এসএমই লোন প্রডাক্টগুলোকে নতুনভাবে ডিজাইন করেছি। আমাদের দেশব্যাপী শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং এবং প্রযুক্তিচালিত পরিষেবার মাধ্যমে আমরা এসএমই গ্রাহকদের আরো সহজে অর্থায়ন পেতে সাহায্য করছি এবং একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতে তাদের টেকসই প্রবৃদ্ধিও নিশ্চিত করছি।

অর্থনীতির এ চ্যালেঞ্জিং সময়ে এসএমই উদ্যোক্তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরো কী ধরনের ভূমিকা রাখা দরকার বলে মনে করেন?

বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রেক্ষাপটে এসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সক্রিয় রয়েছে। এক্ষেত্রে শুধু অর্থ প্রদান নয়, বরং সহজ শর্তে ঋণপ্রাপ্তি, দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ, বাজার সংযোগে সহায়তা এবং উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা জরুরি। একই সঙ্গে নারী ও নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা এবং পরামর্শভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারলে এসএমই খাত আরো টেকসই ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য আপনার প্রতিষ্ঠানের বিশেষ কোনো অর্থায়ন বা সক্ষমতা উন্নয়ন কর্মসূচি রয়েছে কি?

নারী ও তরুণ উদ্যোক্তা এবং গ্রামীণ এসএমইদের জন্য আমাদের বিশেষ আর্থিক সমাধান রয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য, আমাদের ‘সাউথইস্ট সুপ্রভা’ একটি কার্যকরী আর্থিক পরিষেবা যার মাধ্যমে স্বল্প সুদে অর্থায়নের পাশাপাশি ব্যবসায়িক পরামর্শমূলক সহায়তা দেয়া হয়, যা নারী-নেতৃত্বাধীন ব্যবসাগুলোকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করে। তরুণ উদ্যোক্তাদের জন্য, আমরা উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করতে স্টার্টআপ অর্থায়ন এবং পরামর্শদানের সুযোগ প্রদান করি। আমাদের সব এসএমই পণ্য গ্রামীণ উদ্যোগের জন্যও উপযুক্ত, যা সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে অর্থায়নের সহজলভ্যতা, সরলীকৃত পদ্ধতি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে। আমাদের উদ্দেশ্য হলো এ অগ্রাধিকারপ্রাপ্ত অংশগুলোকে শক্তিশালী করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা।

আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সেবা এসএমই খাতের অর্থায়ন ও ব্যবসা পরিচালনায় আরো কীভাবে কাজে লাগানো যায়?

এসএমই অর্থায়নকে দ্রুততর এবং সহজলভ্য করার জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান জোরদার করা প্রয়োজন। গ্রাহককে দ্রুততম সময়ে সেবা প্রদান করার লক্ষ্যে ঋণ-সংক্রান্ত ডকুমেন্ট ও ঋণ প্রস্তাব মূল্যায়ন প্রক্রিয়ায় অনলাইন প্রযুক্তি ব্যবহার করতে হবে। গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক, এমএফআই এবং এ-সংক্রান্ত অন্যান্য প্রতিষ্ঠানকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমাদের লক্ষ্য এসএমই গ্রাহকরা যেন তাদের অবস্থান নির্বিশেষে সুবিধাজনক ও কার্যকরভাবে অর্থায়ন পেতে পারে তা নিশ্চিত করা।

বাংলাদেশ ব্যাংক এসএমই খাতের জন্য পুনঃঅর্থায়ন তহবিল ও প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন?

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ও প্রণোদনা প্যাকেজের সুবিধা প্রকৃত এসএমই উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। এ লক্ষ্যে সারা দেশে আমাদের শাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তা চিহ্নিতকরণ, সহজ শর্তে ঋণ প্রদান, দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ এবং নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম ও ক্রেডিট গ্যারান্টি সুবিধা ব্যবহার করে উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ আরো সম্প্রসারণ করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো এসএমই খাতের টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরো কার্যকর অবদান রাখা।

এমএসএমই খাতের বড় চ্যালেঞ্জগুলো—যেমন জামানত সংকট, উচ্চ অর্থায়ন ব্যয় বা বাজারে প্রবেশের সীমাবদ্ধতা—মোকাবেলায় কী ধরনের নীতিগত উদ্যোগ প্রয়োজন বলে আপনি মনে করেন?

এমএসএমই খাতের টেকসই বিকাশে জামানত সংকট, উচ্চ অর্থায়ন ব্যয় এবং বাজারে প্রবেশের সীমাবদ্ধতা অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবেলায় ক্রেডিট গ্যারান্টি স্কিমের পরিধি বৃদ্ধি এবং স্বল্পব্যয়ী পুনঃঅর্থায়ন তহবিলের সম্প্রসারণ জোরদার করা প্রয়োজন। পাশাপাশি উদ্যোক্তাদের বাজার সংযোগ বৃদ্ধির জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, ডিজিটাল প্লাটফর্মে প্রবেশাধিকার সহজলভ্য এবং ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।