দেশের মোট শিল্পপ্রতিষ্ঠানের অধিকাংশই এসএমই খাতভুক্ত এবং এ খাত জাতীয় উৎপাদন, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এসএমই খাতের মধ্যে চামড়া ও পাদুকা শিল্প একটি সম্ভাবনাময় এবং রফতানিমুখী খাত হিসেবে দীর্ঘদিন ধরে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বৈদেশিক মুদ্রা অর্জন, স্থানীয় কাঁচামালের ব্যবহার, শ্রমঘন শিল্প হিসেবে বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পরিচিতি বৃদ্ধির ক্ষেত্রে এ শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে।

এ বাস্তবতায় এসএমই ফাউন্ডেশন দেশের বিভিন্ন সম্ভাবনাময় শিল্প ক্লাস্টারের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। শিল্প মন্ত্রণালয়ের সুপারিশ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ অনুদানের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে একটি কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জাতীয় শিল্পনীতি ২০১৬, সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা, ভিশন ২০২১, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং এসএমই খাতের ক্রমবর্ধমান চাহিদাকে গুরুত্ব দেয়া হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটি পাদুকা শিল্প ক্লাস্টারে কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।

রাজশাহীর কালুহাটিতে সিএফসি স্থাপন উদ্যোগ

কালুহাটি পাদুকা শিল্প ক্লাস্টার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাদুকা উৎপাদন কেন্দ্র। এখানে প্রায় ৬৫টি উৎপাদন ইউনিটে প্রায় সাত হাজার শ্রমিক ও কর্মচারী প্রত্যক্ষভাবে কর্মরত রয়েছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের উদ্যোক্তারা দেশীয় বাজারে মানসম্মত জুতা উৎপাদন করে এলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আধুনিক যন্ত্রপাতির অভাব, দক্ষ মানবসম্পদের ঘাটতি, মান নিয়ন্ত্রণ সমস্যা এবং বাজার সম্প্রসারণের প্রতিবন্ধকতার কারণে তারা তাদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারছিলেন না।

এসএমই ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে এ ক্লাস্টারে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাঠপর্যায়ের অভিজ্ঞতা, উদ্যোক্তাদের চাহিদা এবং ক্লাস্টারের সম্ভাবনা বিবেচনায় দেখা যায় যে একটি কেন্দ্রীয় প্রযুক্তি ও সেবা সুবিধা কেন্দ্র প্রতিষ্ঠা করা গেলে পুরো ক্লাস্টারের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতায় ইতিবাচক পরিবর্তন আসবে। এছাড়া পূর্ব মাদারবাড়ী লেদার ক্লাস্টার ও ভৈরব পাদুকা ক্লাস্টারের তুলনায় আয়তন ও উদ্যোক্তা সংখ্যা তুলনামূলকভাবে ছোট হওয়ায় সীমিত বাজেটের মধ্যে কালুহাটিতে সিএফসি বাস্তবায়ন অধিক বাস্তবসম্মত ছিল।

ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে ক্লাস্টারের প্রয়োজন, সম্ভাবনা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ চাহিদা বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ সিএফসি ডিজাইন করা হয়। যদিও প্রাথমিকভাবে ২৮টি মেশিন নিয়ে প্রায় তিন হাজার বর্গফুট জায়গায় সিএফসি স্থাপনের পরিকল্পনা ছিল। পরে স্থান সংকট এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় প্রথম ধাপে ১৩টি গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে সিএফসি স্থাপন করা হয়।

কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) কী এবং এর প্রয়োজনীয়তা

কমন ফ্যাসিলিটি সেন্টার হলো এমন একটি যৌথ সেবা কেন্দ্র, যেখানে একটি ক্লাস্টারের একাধিক উদ্যোক্তা একই অবকাঠামো, যন্ত্রপাতি, প্রযুক্তি, প্রশিক্ষণ সুবিধা এবং ব্যবসায়িক সহায়তা ব্যবহার করতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে ক্লাস্টার উন্নয়নের ক্ষেত্রে সিএফসি একটি পরীক্ষিত ও কার্যকর মডেল।

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আধুনিক মেশিন ক্রয়, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল। ফলে তারা প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়ে। সিএফসি এ সমস্যার সমাধান করে যৌথ ব্যবহারের মাধ্যমে উন্নত প্রযুক্তি ও সুবিধা উদ্যোক্তাদের নাগালের মধ্যে নিয়ে আসে।

ক্লাস্টারভিত্তিক শিল্প উন্নয়নের মডেল হিসেবে সিএফসি: কালুহাটি সিএফসি একটি সফল ক্লাস্টার উন্নয়ন মডেল হিসেবে দেশের অন্যান্য শিল্প ক্লাস্টারের জন্য উদাহরণ হতে পারে। এটি প্রমাণ করবে যে যৌথ অবকাঠামো ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারাও আধুনিক শিল্প ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারেন এবং টেকসই উন্নয়ন অর্জন করতে সক্ষম হন।

রাজশাহীর কালুহাটি পাদুকা শিল্প ক্লাস্টারে এসএমই ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) একটি যুগান্তকারী উদ্যোগ। এটি কেবল কয়েকটি মেশিনের সমন্বয়ে গঠিত একটি কেন্দ্র নয়; বরং প্রযুক্তি, দক্ষতা, উদ্ভাবন, বাজার সংযোগ এবং শিল্পোন্নয়নের একটি সমন্বিত প্লাটফর্ম। সিএফসির মাধ্যমে ক্লাস্টারের উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন, উৎপাদন ব্যয় কমাতে পারবেন, পণ্যের মান উন্নয়ন করতে পারবেন, নতুন বাজারে প্রবেশ করতে পারবেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা অর্জন করবেন। দীর্ঘমেয়াদে এ সিএফসি কালুহাটি পাদুকা শিল্প ক্লাস্টারকে একটি অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্পাঞ্চলে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এসএমই ফাউন্ডেশন ভবিষ্যতে দেশের অন্যান্য এসএমই ক্লাস্টারে কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।