আপনার ব্যাংক এসএমই খাতের জন্য কী করছে?
ওয়ান ব্যাংক এসএমই খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে। এ কারণে উৎপাদন, বাণিজ্য, সেবা এবং কৃষিভিত্তিক বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য প্রয়োজনভিত্তিক অর্থায়ন সুবিধা দেয়া হচ্ছে। ব্যবসার ধরন ও চাহিদা অনুযায়ী ওয়ার্কিং ক্যাপিটাল, টার্ম লোন এবং ট্রেড ফাইন্যান্স সুবিধার মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা হচ্ছে।
এছাড়া আমাদের বিস্তৃত শাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক দেশের প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের কাছেও ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। একই সঙ্গে ‘ওকে ওয়ালেট’-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন, অর্থ গ্রহণ ও পরিশোধ এবং দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রমকে আরো সহজ ও গতিশীল করা হচ্ছে। আমাদের লক্ষ্য শুধু অর্থায়ন নয়; বরং উদ্যোক্তাদের একটি টেকসই ও আধুনিক আর্থিক ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করা।
অর্থনীতির এ চ্যালেঞ্জিং সময়ে এসএমই উদ্যোক্তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরো কী ধরনের ভূমিকা রাখা দরকার বলে মনে করেন?
বর্তমান প্রেক্ষাপটে এসএমই উদ্যোক্তাদের জন্য দ্রুত ও সহজ অর্থায়নের পাশাপাশি আর্থিক পরামর্শ, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং বাজার-সংযোগ নিশ্চিত করা প্রয়োজন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উদ্যোক্তাদের ব্যবসার সম্ভাবনা, নগদ প্রবাহ এবং লেনদেনভিত্তিক তথ্য মূল্যায়নের মাধ্যমে আরো অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য উপযোগী ও নমনীয় আর্থিক পণ্য চালু করা প্রয়োজন।
নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তাদের জন্য আপনার প্রতিষ্ঠানের বিশেষ কোনো অর্থায়ন বা সক্ষমতা উন্নয়ন কর্মসূচি রয়েছে কি?
নারী ও তরুণ উদ্যোক্তারা বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। ওয়ান ব্যাংক তাদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে নারী উদ্যোক্তাদের জন্য অগ্রাধিকারভিত্তিক ও সহজ শর্তে অর্থায়ন করা হচ্ছে, যাতে তারা ব্যবসা শুরু ও সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা পান।
তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রেও আমরা নতুন ব্যবসায়িক উদ্যোগ, উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর ব্যবসাকে উৎসাহিত করছি। আমাদের শাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা সহজে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি ‘ওকে ওয়ালেট’-এর মতো ডিজিটাল সেবার মাধ্যমে নারী ও তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে, যা তাদের ব্যবসা পরিচালনা, লেনদেন ব্যবস্থাপনা এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে আরো উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সেবা এসএমই খাতের অর্থায়ন ও ব্যবসা পরিচালনায় আরো কীভাবে কাজে লাগানো যায়?
ডিজিটাল ব্যাংকিং এসএমই খাতকে আরো দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। ডিজিটাল পেমেন্ট, অনলাইন ব্যাংকিং, ডেটাভিত্তিক ক্রেডিট মূল্যায়ন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস উদ্যোক্তাদের সময় ও ব্যয় সাশ্রয় করে। ‘ওকে ওয়ালেট’ ও অন্যান্য ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসাগুলোকে আরো সহজে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা সম্ভব। ভবিষ্যতে ডিজিটাল লেনদেনের তথ্যভিত্তিক বিকল্প ক্রেডিট স্কোরিং চালু হলে নতুন উদ্যোক্তাদের অর্থায়নপ্রাপ্তি আরো সহজ হবে।
বাংলাদেশ ব্যাংক এসএমই খাতের জন্য পুনঃঅর্থায়ন তহবিল ও প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন?
ওয়ান ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ও বিভিন্ন প্রণোদনা কর্মসূচির সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে সক্রিয়ভাবে কাজ করছে। দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ, যোগ্য উদ্যোক্তা নির্বাচন এবং সময়মতো অর্থায়ন নিশ্চিত করার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি আমাদের শাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের এসব সুবিধার আওতায় আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।
এমএসএমই খাতের বড় চ্যালেঞ্জগুলো—যেমন জামানত সংকট, উচ্চ অর্থায়ন ব্যয় বা বাজারে প্রবেশের সীমাবদ্ধতা—মোকাবেলায় কী ধরনের নীতিগত উদ্যোগ প্রয়োজন বলে আপনি মনে করেন?
এমএসএমই খাতের টেকসই উন্নয়নের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম সম্প্রসারণ, তথ্যভিত্তিক ক্রেডিট মূল্যায়ন, বিকল্প জামানত গ্রহণ এবং অর্থায়নের ব্যয় কমানোর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তি গ্রহণ, দক্ষতা উন্নয়ন, বাজার-সংযোগ বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার বিস্তার নিশ্চিত করতে হবে। সরকারি প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এমএসএমই খাতকে আরো প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যায়ে উন্নীত করা সম্ভব।










