যদিও আমরা ক্যাশলেস পেমেন্টে নানা সুবিধা দিচ্ছি, তবু নগদ লেনদেন এখনো অনেক ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে। এর পেছনে মূলত দীর্ঘদিনের অভ্যাস, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, নিরাপত্তা নিয়ে সংশয় এবং লেনদেন-সংক্রান্ত খরচ নিয়ে ধারণাগত উদ্বেগ কাজ করে। তবে ধীরে ধীরে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি, ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার এবং নীতিগত উদ্যোগের ফলে ক্যাশলেস পেমেন্টের ব্যবহার বাড়ছে। এটি স্পষ্টভাবে লক্ষণীয়।
এবারের ঈদে ডিজিটাল পেমেন্ট মাধ্যমে (কার্ড বা এমএফএস) ব্যবহার করে কেনাকাটার ক্ষেত্রে আপনাদের কী কী অফার রয়েছে?
এবারের ঈদ উপলক্ষে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কেনাকাটায় আমাদের ক্রেতাদের জন্য বেশকিছু বিশেষ সুবিধা রাখা হয়েছে। কার্ড ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস—উভয় মাধ্যমেই আকর্ষণীয় অফার রয়েছে। উদাহরণ হিসেবে লুবনান ও রিচম্যান ব্র্যান্ডে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডধারীরা পাচ্ছেন ১০ শতাংশ ছাড়। এছাড়া ইনফিনিটি, লুবনান ও রিচম্যান—এ তিন ব্র্যান্ডে প্রায় ১৪টি ব্যাংক ও একটি লিজ ফাইন্যান্স প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ১০-২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার চালু রয়েছে। এসব অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি। পাশাপাশি মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ ও নগদের মাধ্যমেও নির্দিষ্ট শর্তে বিভিন্ন অফার দেয়া হচ্ছে। ফলে গ্রাহকরা নগদ ছাড়াও বিকল্প পেমেন্ট পদ্ধতিতে কেনাকাটায় তাৎক্ষণিক আর্থিক সুবিধা পাচ্ছেন।
ডিজিটাল এবং কার্ডভিত্তিক কেনাকাটায় গ্রাহকের অর্থ ও পণ্যের নিরাপত্তা এবং নিশ্চয়তায় আপনারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন?
ডিজিটাল ও কার্ডভিত্তিক লেনদেনে গ্রাহকের অর্থের নিরাপত্তা আমাদের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। আমরা ব্যাংক ও আন্তর্জাতিক কার্ড নেটওয়ার্ক অনুমোদিত সুরক্ষিত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি এবং ডেটা সুরক্ষায় প্রয়োজনীয় প্রযুক্তিগত মান বজায় রাখি। এনবিআর অনুমোদিত পিওএস মেশিনের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা হয়। কোনো ভুল লেনদেন বা দ্বৈত চার্জের ঘটনা ঘটলে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যাংকের চার্জব্যাক প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করা হয়। পণ্যের ক্ষেত্রেও গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত মূল্য ও ঘোষিত অফার অনুযায়ী সরবরাহ করা হয়। প্রতিটি লেনদেনে সঠিক বিল প্রদান, ছাড় ও শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ এবং নির্ধারিত নীতিমালা অনুযায়ী পণ্য পরিবর্তন বা ফেরত সুবিধা রাখা হয়েছে। ২১ দিনের এক্সচেঞ্জ সুবিধা ও নির্দিষ্ট কাস্টমার কেয়ার সাপোর্টের মাধ্যমে অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে।
গ্রাহকের কেনাকাটায় বিদ্যমান মূল্যস্ফীতির প্রভাব অনুভূত হচ্ছে কি?
গ্রাহকের কেনাকাটায় এখনো তেমন উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব দৃশ্যমান নয়। ঈদকেন্দ্রিক মৌসুমি চাহিদা অনেক ক্ষেত্রেই ব্যয়ের প্রবণতাকে ধরে রাখে।
ক্রেডিট কার্ডের ইএমআই অফার মধ্যবিত্ত পরিবারের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে কতটা সহায়ক বলে মনে করেন?
ক্রেডিট কার্ডের ইএমআই সুবিধা মধ্যবিত্ত পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক উপায় হতে পারে। সঠিক পরিকল্পনা ও আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রেখে ব্যবহার করলে বড় অংকের কেনাকাটা সহজ কিস্তিতে সম্পন্ন করা যায়, যা অনেক সময় তাৎক্ষণিক নগদ চাপ কমায়। তবে আর্থিক শৃঙ্খলা না থাকলে এটি বাড়তি দায়ও তৈরি করতে পারে। সেজন্য সচেতন ব্যবহারই এখানে মূল বিষয়।
ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কেনাকাটাকে জনপ্রিয় করতে ভবিষ্যতে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি?
ভবিষ্যতে ডিজিটাল পেমেন্টকে আরো জনপ্রিয় করতে আমরা গ্রাহকবান্ধব উদ্যোগ জোরদার করতে চাই। নিরাপদ কার্ড লেনদেন নিশ্চিত করা, আরো আকর্ষণীয় ক্যাশব্যাক ও ছাড়ের অফার চালু করা এবং গ্রাহককে ডিজিটাল পেমেন্টের সুবিধা সম্পর্কে সচেতন করার দিকগুলোয় গুরুত্ব দেয়া হবে। আমাদের বিশ্বাস, আস্থা ও আর্থিক প্রণোদনা একসঙ্গে কাজ করলে ক্যাশলেস কেনাকাটা দ্রুতই আরো বিস্তৃত হবে।










