বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগ এবং ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির মধ্যে আজ সোমবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় টার্ম লোনের জন্য ২৫ হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি স্কিম সুবিধা প্রদান করা হবে। এটি দেশের জামানত বিহীন ঋণগ্রহীতাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হক এবং ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো ছিলেন বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের নির্বাহী পরিচালক মো. শওকতুল আলম, ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির এসএমই ও নারী উদ্যোক্তা অর্থায়ন বিভাগের প্রধান সুদীপ সাহা, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ও বিজনেস বিভাগের প্রধান জেসন অনিক পাণ্ডে, ট্রেজারি বিভাগের প্রধান সিরাজুল ইসলাম ও বিজনেস রিফাইন্যান্স ম্যানেজার আবু বকর সিদ্দিকসহ অন্য কর্মকর্তারা।

এ সময় ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংককে এ সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের উদ্যোক্তারা অর্থনীতির প্রাণ। এ ক্রেডিট গ্যারান্টি স্কিম আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ঋণ সরবরাহে সহায়তা করবে, একইসঙ্গে তাদের স্বার্থও সুরক্ষিত থাকবে। ইউনাইটেড ফাইন্যান্স সারা দেশে এসএমই অর্থায়নে নিবেদিত এবং এ স্কিম আমাদের সেই অঙ্গীকারকে আরো দৃঢ় করবে।