বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারকে চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশে উন্নত স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধা নেয়ায় উদ্বুদ্ধ করতে পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ৯টি হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক সেন্টারসহ মোট ১০টি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সংগঠনটি।

এ সমঝোতা স্মারক সইয়ের ফলে বিজিএমইএ’র সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা এখন থেকে এ প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ ছাড় মূল্যে উন্নত চিকিৎসা ও ডায়াগনস্টিক পরিষেবা নিতে পারবেন।

উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি সেলিম রহমান, সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক এনামুল আজিজ চৌধুরী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। এ ১০ প্রতিষ্ঠানের সঙ্গে বিজিএমইএ’র সমঝোতা স্মারক স্বাক্ষর ও অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন বিজিএমইএ’র পরিচালক শাহ রাঈদ চৌধুরী।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করা প্রতিষ্ঠানগুলো হলো, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ল্যাবএইড গ্রুপ লিমিটেড, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড,শমরিতা হসপিটাল লিমিটেড, ইউনাইটেড হসপিটাল লিমিটেড এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড।

বিজিএমইএ এর পক্ষ থেকে সভাপতি মাহমুদ হাসান খান সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন। অন্যদিকে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেডের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান চৌধুরী; ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের হেড অব মার্কেটিং হাদিউল করিম খান; তিনটি প্রতিষ্ঠান, ল্যাবএইড গ্রুপ, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ল্যাবএইড গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার শরীফ মোহাম্মদ আবিদ; পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ অচিন্ত্য কুমার নাগ; প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের সিইও মোহাম্মদ আব্দুল মতিন ইমন; শমরিতা হসপিটাল লিমিটেডের কনসালটেন্ট ও সিইও ডাক্তার সাইফুদ্দিন আহমেদ সজিব; ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মালিক তালহা ইসমাইল বারি; ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সিইও মোহাম্মদ ফাইজুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ঘোষণা করেন, বিজিএমইএ পোশাকখাতের শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসাসেবা দিতে গাজীপুর/আশুলিয়া অঞ্চলে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, দেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলো এর পরিচালনায় থাকবে। এ উদ্যোগেরই প্রাথমিক ধাপ হিসেবে আজ এ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সই করা হল।

স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ’র পরিচালক শাহ রাঈদ চৌধুরী। তিনি বলেন, এ পদক্ষেপ পোশাক খাতের উদ্যোক্তাদের জন্য একটি স্বস্তিদায়ক ভবিষ্যৎ নিশ্চিত করবে।

বিজিএমইএ’র পরিচালক ফয়সাল সামাদ সমঝোতা স্মারক স্বাক্ষরকারী হাসপাতালগুলোকে বিজিএমইএ সদস্যদের জন্য পরিষেবা গ্রহণ প্রক্রিয়া সহজ করতে হাসপাতালগুলোতে একটি বিশেষ 'হেল্প ডেস্ক’ খোলার আহ্বান জানান।

স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়, দেশের পোশাকখাতের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। তারা দেশের স্বাস্থ্যখাতকে আরো সমৃদ্ধশালী করার জন্য এ খাতে বিনিয়োগের জন্য বিজিএমইএ নেতাদের প্রতি আহ্বান জানান।