বাংলাদেশ ডেভেলপমেন্ট কমিউনিকেশনস ফোরামের (বিডিসিএফ) বার্ষিক সাধারণ সভা ও কমস আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ঢাকার মোহাম্মদপুরের ওয়াইডব্লিউসিএ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে ফোরামটি নতুন নাম বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস) হিসেবে আত্মপ্রকাশ করে। এটি দেশের কমিউনিকেশন খাতে পেশাদারত্বের নতুন ধারার সূচনা করবে।
অনুষ্ঠানের নেটওয়ার্কিং সেশনে সদস্যরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন ও নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করেন। এতে ফোরামের লক্ষ্য, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
ফোরামের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘কমিউনিকেশন পেশাজীবীদের মধ্যে নেটওয়ার্কিং গড়ে তোলা, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় এবং শিক্ষার সুযোগ সৃষ্টি করার যে যাত্রা আমরা শুরু করেছিলাম, তা আজ আনুষ্ঠানিকভাবে সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল।’
সভায় বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস)-এর নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে টনি মাইকেল গোমেজ চেয়ারপারসন, সাজিয়া শারমিন ভাইস চেয়ারপারসন এবং মাসুদ রানা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যান্য পদে আছেন এহসানুর রহমান জিয়া, অমিত দাস, জুলিয়েট মন্ডল, সাহস মোস্তাফিজ, জাকিয়া হক নীলা, সাজিয়া আফরিন ও আসাদ রাসেল।
নবনির্বাচিত চেয়ারপারসন টনি মাইকেল গোমেজ বলেন, ‘কৌশলগত কমিউনিকেশন এখন সময়ের চাহিদা। আগামী দিনে এ খাতে কর্মরতদের সক্ষমতা বৃদ্ধি, প্রতিষ্ঠানিক শক্তি বাড়ানো এবং মিডিয়া ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানো হবে বিসিপিএস-এর প্রধান অগ্রাধিকার।’
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিডিসিএফ দেশের ডেভেলপমেন্ট কমিউনিকেশন, মিডিয়া, অ্যাডভোকেসি, ক্যাম্পেইন, পাবলিক রিলেশনস ও নলেজ ম্যানেজমেন্ট পেশাজীবীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। সংগঠনটি ডেভেলপমেন্ট কমিউনিকেশনস কনক্লেভ, লিডারশিপ মাস্টারক্লাস, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ওয়ার্কশপ এবং সিভি লেখার সেশনের মতো কার্যক্রম আয়োজন করেছে, যা কমিউনিকেশন পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।










