আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ইকোনোমিক্স অলিম্পিয়াডের অষ্টম আসর। বিশ্বের ৫৩টি দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ২০ জুলাই শুরু হয়ে সাত দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নানা প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশ দল চারটি ব্রোঞ্জ পদক অর্জন করে গুরুত্বপূর্ণ সাফল্যের সাক্ষর রেখেছে।

ব্রোঞ্জ পদকজয়ীরা হলেন—ফাবিহা মুস্তাকিমা নিহা, আফফান চৌধুরী, প্রান্ত ঘোষ এবং সৌহার্দ্য সোপান সিংহ। জাতীয় দলের অপর সদস্য ছিলেন সুহা আহসান। দলটির নেতৃত্ব দেন বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি আল-আমিন পারভেজ এবং যোগাযোগ বিভাগের প্রধান মো. আল-আমিন রাকিব। এছাড়া 'বিজনেস কেস জুরি' বিভাগে আন্তর্জাতিক জুরি বোর্ডের সদস্য হিসেবে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো মো. মানসুরুল হক।

অর্জন ও অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী দিনে আমাদের দেশের তরুণরা আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেবে—এই অর্জন তারই ইঙ্গিত। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি চাই, দেশের মেধাবী তরুণেরা যেন জন্মভূমির প্রতি দায়বদ্ধতা অনুভব করে। বিচারকের দায়িত্ব পালন আমাকে সম্মানিত করেছে এবং অলিম্পিয়াডের প্রতি আরও নিবেদিতভাবে কাজ করতে উৎসাহিত করবে।’

বাংলাদেশ দলের নির্বাহী কমিটির সভাপতি আল-আমিন পারভেজ বলেন, ‘অর্থনীতি, ফিনান্সিয়াল লিটারেসি, বিজনেস কেসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ধাপ পেরিয়ে আমাদের শিক্ষার্থীরা এ ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এছাড়া দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তৃতীয় এবং বিজনেস কেস কম্পিটিশনে ১৭তম স্থান অর্জন করেছে।’

বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি একটি সচেতনতা আন্দোলন। এর মাধ্যমে অর্থনৈতিক দায়িত্বশীলতা, বিবেচনাপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বগুণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এ আন্তর্জাতিক অর্জন আমাদের স্বপ্নকে আরও সুদূরপ্রসারী করবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’- বিজ্ঞপ্তি