সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসারদের দীর্ঘদিনের প্রতিনিধিত্ব সংকট ও বিভাজন কাটিয়ে অবশেষে গঠিত হলো একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির নাম দেয়া হয়েছে— ‘সহকারী উপজেলা/থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন’। এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য, বিসিএস ক্যাডারদের সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত নির্বাচন অফিসারদের সমন্বয় ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
গত ১৬ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) অনুষ্ঠিত এক জরুরি সভায় ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা/থানা/সমমান নির্বাচন অফিসার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে গাজীপুর সদর উপজেলার সহকারী নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং কালীগঞ্জ উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা শরীফ আল রায়হানকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। পূর্ণাঙ্গ কমিটির তালিকা দ্রুত প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসারদের পক্ষে জানানো হয়, বর্তমানে শুধুমাত্র বিসিএস থেকে সরাসরি নিয়োগপ্রাপ্তদের একক একটি কমিটি রয়েছে। সেখানে পদোন্নতিপ্রাপ্ত সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসারদের কোনো প্রতিনিধিত্ব নেই। অন্যদিকে, সম্প্রতি গঠিত আরেকটি কমিটিতেও সরাসরি নিয়োগপ্রাপ্তদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ না থাকায় সে কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে
দীর্ঘ আলোচনার পর সভাপতি জানান, বিদ্যমান বিভাজনমূলক অঙ্গসংগঠনগুলোর পরিবর্তে একটি ঐক্যবদ্ধ পূর্ণাঙ্গ কমিটি গঠনই সময়োপযোগী সিদ্ধান্ত হবে। তাই আহ্বায়ক কমিটি নয়, সরাসরি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ সভায় ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের সিদ্ধান্তকে আন্তরিকভাবে সমর্থন করে তা দ্রুত বাস্তবায়নের দাবি তোলা হয়। পাশাপাশি, পদোন্নতি ও পদের আপগ্রেডেশন নিয়ে আলোচনা শেষে উভয়পক্ষের সমন্বয়ে একটি ‘ঐক্য পরিষদ’ গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।










