বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর ১৮তম নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে, মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও বরিশাল এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০ ডিসেম্বর ১৯৯২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পেশাদারিত্ব ও নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করে তিনি দুটি আর্টিলারি ব্রিগেড ও দুটি আর্টিলারি রেজিমেন্টের নেতৃত্ব দেন। এছাড়া বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্লাটুন কমান্ডার, একটি ডিভিশনের কর্ণেল স্টাফ এবং সেনা সদর দপ্তরে পরিচালক (বাজেট) হিসেবে দায়িত্ব পালন করেন।
মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুর থেকে স্নাতক ও ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) সম্পন্ন করেছেন।
তিনি চীনের নানজিং আর্টিলারি একাডেমি ও পাকিস্তানের স্কুল অফ আর্টিলারিতে প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া বিদেশে বিভিন্ন সামরিক মহড়ায়ও অংশগ্রহণ করেছেন।
মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।










