গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ একটি চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচির আওতায় জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত একযোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ কার্যক্রম চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। তিনি জানান, বাংলাদেশ আনসার ও ভিডিপি কেবল নিরাপত্তা নয়, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে।

তিনি আরো বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষাসহ প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।

অনুষ্ঠানে আরো ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, কর্নেল মো. ফয়সাল আহাম্মদ ভূঁইয়া, ডেপুটি কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল আবছারসহ বাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।