খাগড়াছড়িতে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে সংস্থাটি এ প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনা বাংলাদেশের শিশু ও নারীদের ওপর চলমান সহিংসতার ভয়াবহ নিদর্শন। ভুক্তভোগী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গত ২৩ সেপ্টেম্বর প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরে একটি মাঠে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। বর্তমানে শিশুটি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এমজেএফ এর নির্বাহী পরিচালক শাহীন আনাম গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ মর্মান্তিক নিগ্রহ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি এমন এক দায়মুক্তির সংস্কৃতির প্রতিফলন, যেখানে নারী ও শিশুরা সবসময় ঝুঁকির মুখে থাকে আর অপরাধীরা শাস্তির ভয় ছাড়াই অপরাধ করে যায়। শিশু ও নারীরা নিজেদের মাঝেই নিরাপদ নয়, যা একেবারেই অগ্রহণযোগ্য।

এমজেএফ তাই সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে— সব অপরাধীর অবিলম্বে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা, শিশু ও নারীর বিরুদ্ধে অপরাধ দমনে কঠোর শাস্তি কার্যকর করা, ভুক্তভোগীদের জন্য আশ্রয়, কাউন্সেলিং ও জীবিকা সহায়তা দেয়া এবং যৌনভিত্তিক সহিংসতার স্বাভাবিকীকরণ রোধে জাতীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা ও প্রচার চালানো।

শাহীন আনাম আরো বলেন, প্রত্যেক নারী ও শিশু ভয় ও ক্ষতিকর প্রভাবের বাইরে নিরাপদ জীবনযাপনের অধিকার রাখে। নীরবতা ও নিষ্ক্রিয়তা কেবল অপরাধীদের উৎসাহিত করে। তাই বিচার বিলম্বিত হবার অর্থ আসলে সঠিক বিচার না পাওয়া।

তিনি জোর দিয়ে বলেন, নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো আপস নেই। এজন্য সহিংসতা প্রতিরোধে পুরো সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে।

—বিজ্ঞপ্তি