দেশে দ্রুত বর্ধনশীল ও বিপুল সম্ভাবনার বাজার তুলে ধরতে প্রধমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের প্রদর্শনী। আগামী ৮ ও ৯ আগস্ট রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘কসমেটিকা: পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো ২০২৫’ নামে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ ছাড়াও এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে কোরিয়া, থাইল্যান্ডসহ বেশকিছু দেশের প্রখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রদর্শনীতে থাকবে শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ। মানসম্মত পণ্য ব্যবহারের ওপরও গুরুত্ব দেয়া হবে এই প্রদর্শনী থেকে। সেই সঙ্গে নকল ও কালোবাজারি পণ্যের রোধেও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে। এতে দেশের পার্সোনাল কেয়ার খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও ব্যবসায়িক অংশীদারত্বের পথ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানজিন সুলতানা প্রিয়াংকা বলেন, আমরা চেষ্টা করছি এই খাতের সব ধরনের স্টেকহোল্ডারকে একত্র করার। প্রশাধনী সামগ্রী ও পারসোনাল হাইজিন পণ্যের সঠিক ব্যবহার, এই খাতে দেশী-বিদেশী বিনিয়োগ এবং কর্মসংস্থানসহ নানা বিষয় প্রদর্শনীতে উঠে আসবে। এই প্রদর্শনী দেশে বিদেশী বিনিয়োগকে আকৃষ্ট করবে, প্রত্যাশা আমাদের।
আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো’র লাইফস্টাইল অনলাইন হাল ফ্যাশন, মিডিয়া পার্টনার লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাস ও পত্রিকা বাংলা টেলিগ্রাফ। আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশে অবস্থিত রিপাবলিক অব কোরিয়ার দূতাবাস, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কেওটিআরএ) এবং ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (ডিআইটিপি), থাইল্যান্ড। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে কিউট, প্লাটিনাম স্পন্সর ইঞ্জিনিয়াস রিসোর্সেস।










