নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর সময়সীমা বাড়ানো হয়েছে। এই আয়োজন চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

গত বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় তারুণ্যের উৎসব ২০২৫। এর মূল প্রতিপাদ্য ছিল— এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে সারা দেশে তরুণদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে। শুরুতে ১৯ ফেব্রুয়ারি উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উৎসবের সময় বাড়ানো হয় ডিসেম্বর পর্যন্ত।

এই আয়োজনে তরুণদের ঐক্য, সহযোগিতা ও আত্মকর্মসংস্থানের ভাবনা তুলে ধরার পাশাপাশি উদ্যোক্তা কর্মী হিসেবে তাদের গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে।

WhatsApp Image 2025-07-08 at 16.48.27

প্রথম ধাপে দেশের বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে অনুষ্ঠিত ১৩ হাজার ৭১১টি ইভেন্টে সরাসরি অংশ নিয়েছেন ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৩ জন। এর মধ্যে নারী অংশগ্রহণকারী ছিলেন ২৭ লাখ ৪২ হাজার ১৭১ জন ও পুরুষ ৪৪ লাখ ২৪ হাজার ৩০২ জন। শুধুমাত্র নারীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট ছিল ২ হাজার ৯৩১টি।

WhatsApp Image 2025-07-08 at 16.48.28

ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত আয়োজন করা হয় অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতা। নারী ফুটবলারদের অংশগ্রহণে ৮৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত ২৫ হাজার ৬০০ নারী অ্যাথলেট অংশ নেন।

তারুণ্যের উৎসবের প্রধান উদ্যোক্তা প্রধান উপদেষ্টার কার্যালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে এই আয়োজনে অংশ নিচ্ছে আরো ২৬টি মন্ত্রণালয়। এর মূল লক্ষ্য হলো জাতীয় ঐক্য গড়ে তোলা, সহযোগিতার মানসিকতা সৃষ্টি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা ও স্থানীয় পর্যায়ের উদ্যোগকে বিশ্বদরবারে তুলে ধরা।

WhatsApp Image 2025-07-08 at 16.48.28 (1)

উৎসবের সব তথ্য ও ইভেন্ট আপডেট জানতে ভিজিট করা যাবে: https://youth.cao.gov.bd/