শুধু নারীর ক্ষমতায়ন নয়, সময় এসেছে প্রতিবন্ধী ব্যক্তিদেরও ক্ষমতায়নের। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তিদেরও অংশীদারত্বের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।
বৃহস্পতিবার (২৬ জুন) সু্ইড বাংলাদেশ মিলনায়তনে ‘শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবের উদ্বোধন ও বাড়িভিত্তিক শিক্ষা কার্যক্রম মডেল উপস্থাপন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা প্রান্তে অবস্থান করবে না। তারা অবস্থান করবে কেন্দ্রে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্থায়ী বন্দোবস্ত করতে হবে। এটা তাদের ন্যায্য অধিকার। শুধু সমাজসেবা অফিস না, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা একটি অধিদপ্তরও দরকার।’
‘নেতৃত্বের চর্চায় একসঙ্গে বেড়ে উঠি’ এ প্রতিপাদ্য সামনে রেখে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও সেন্স ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে বৈশ্বিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা সচেতনতা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবের উদ্বোধন ও বাড়িভিত্তিক শিক্ষা কার্যক্রম মডেল উপস্থাপন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার কার্যক্রম হাতে নেয়ার আশ্বাসও দেন তিনি।










