যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে প্রদর্শিত 'বায়োগ্রাফি অব নজরুল' দেখে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশী আমেরিকানরা। লেবারডে উইকেন্ডে আয়োজিত এ সম্মেলনে নজরুলের জীবনের বৈচিত্র্যময় অধ্যায়গুলো পর্দায় ফুটে উঠেছে।
গত ২৯, ৩০ ও ৩১ আগস্ট তিনদিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর দ্বিতীয় দিনে ডকুফিল্মটি দেখানো হয়। এতে নজরুলের শৈশবের দারিদ্র্য, সৈনিক জীবন, সাহিত্যচর্চা, ব্রিটিশবিরোধী আন্দোলন ও শেষের দিনগুলো সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। এ সময় কবির বহুমাত্রিক জীবনের প্রতিটি অধ্যায় পর্দায় দেখে দর্শকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
ডকুফিল্মটি পরিচালনা করেছেন ফেরদৌস খান ও প্রযোজনা করেছেন ড. আল-আমিন খান। প্রযোজক ড. আল-আমিন খান হলভর্তি দর্শক ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের কবি সম্পর্কে জানাতে একটি পরিপূর্ণ জীবনী তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ নভেম্বর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এরপর ২০২১ সালের ২৫ মে বাংলাদেশ টেলিভিশনে এটি সম্প্রচারিত হয়।










