অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) বর্তমান নির্বাহী কমিটির বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, আটাবের কমিটি বাতিলের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া দেশের এয়ার টিকিট বাজারে সক্রিয় সিন্ডিকেট ভাঙতে আটাবের সাহসী অবস্থানের জেরেই একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
বুধবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আটাব জানিয়েছে, টিকিট বাজারে স্বাভাবিক ও সহনীয় মূল্য নিশ্চিত করতে বর্তমান কমিটি সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নেয়। এরপর থেকে সংশ্লিষ্ট একটি সিন্ডিকেট চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গণমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা চালায়। সেই সঙ্গে তারা নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কমিটি বাতিলের দাবি তোলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য সংগঠন অনুবিভাগে আটাব কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। তবে শুনানিতে কমিটি বাতিল সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
আটাবের দাবি, এয়ার টিকিট বাজার নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেট চক্রই এসব গুজব ছড়াচ্ছে। এতে করে প্রায় চার হাজার সদস্যসহ সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে ও সদস্যদের আত্মমর্যাদায় আঘাত লেগেছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, অতিরিক্ত টিকিট মূল্য বৃদ্ধিতে যেসব পক্ষ জড়িত, তাদের বিরুদ্ধে আটাব ভবিষ্যতেও সোচ্চার থাকবে। সিন্ডিকেট দমনে সরকারের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছে সংগঠনটি।










