ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে বিশ্বখ্যাত প্ল্যাটফর্ম টেডএক্স। ‘বাংলাদেশ রিবর্ন; প্রগ্রেস থ্রো পার্সপেকটিভ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজিত হবে।
‘আইডিয়াস ওয়ার্থ স্প্রেডিং’— এ বৈশ্বিক মূলমন্ত্রে অনুপ্রাণিত টেডএক্স ইউনিভার্সিটি অব ঢাকা আয়োজনের লক্ষ্য নতুন প্রজন্মকে সৃজনশীল চিন্তা ও ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণায় উদ্দীপ্ত করা।
মূল আলোচনার পাশাপাশি দিনব্যাপী এ আয়োজনে থাকছে ছয়টি সেশন, যেখানে ১৩ জন বক্তা প্রযুক্তি, শিক্ষা, পরিবেশ, উদ্যোক্তা তৈরি, সৃজনশীলতা, সমাজ উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ে তাদের ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরবেন।
অনুষ্ঠানে দেশের তরুণ উদ্ভাবক, নীতিনির্ধারক, শিল্পী ও পরিবর্তনের পথিকৃৎরা অংশ নেবেন। তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও পরিবেশনা দর্শকদের জন্য হবে চিন্তা ও প্রেরণার নতুন অভিজ্ঞতা।
আয়োজকরা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি আলোচনা নয়। বরং নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গির এক সূচনা। আগ্রহীরা অংশ নিতে পারবেন টেডএক্স ইউনিভার্সিটি অব ঢাকার অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে।
আসনসংখ্যা সীমিত হওয়ায় দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। সর্বশেষ আপডেট পেতে দর্শকদের টেডএক্স ইউনিভার্সিটি অব ঢাকার অফিসিয়াল পেজে চোখ রাখার অনুরোধ জানানো হয়েছে। - বিজ্ঞপ্তি










