চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
শিশু অধিকার সংগঠনগুলোর মধ্যে নেটওয়ার্ক চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ, জয়েনিং ফোর্সেস বাংলাদেশ এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে এ ঘটনার প্রতিবাদ জানায়। সংগঠনগুলো মনে করে, এ মর্মান্তিক ঘটনা দেশের শিশু সুরক্ষা ব্যবস্থার গুরুতর দুর্বলতাকে আবারো সামনে এনেছে।
সংগঠনগুলোর মতে, এ ঘটনা দেশের শিশুদের নিরাপত্তা, মানসিক ও শারীরিক সুস্থতা এবং স্বাভাবিক বিকাশের ওপর বাড়তে থাকা হুমকির বিষয়টি স্পষ্ট করে। শিশুদের প্রতি এ ধরনের নৃশংসতা শুধু একটি অপরাধ নয়, বরং সমাজে মানবাধিকার ও শিশু অধিকারের জন্য বড় ধরনের সতর্কবার্তা।
জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ৭ বছর বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ, জয়েনিং ফোর্সেস বাংলাদেশ ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।
সংগঠনগুলো বলেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় অপরাধীদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শিশুদের বিরুদ্ধে এ ধরনের নৃশংস অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। এতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস পাবে না।
এ ঘটনার পর সরকার, সমাজ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে যৌথভাবে শিশু সুরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
এছাড়া পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও গণমাধ্যমের মাধ্যমে শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরির জন্য সরকারের প্রতি বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।
চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ, জয়েনিং ফোর্সেস বাংলাদেশ ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আশা প্রকাশ করে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং দেশের শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অবস্থান নিশ্চিত করবে।
—বিজ্ঞপ্তি










