সিঙ্গাপুরের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কবি মো. মুকুল হোসেনের লেখা, সুর করা ও গাওয়া গান 'ও সিঙ্গাপুর' এবং আঁকা চিত্রকর্ম 'থ্রু দ্য উডস'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নমে।
গতকাল শুক্রবার সিঙ্গাপুরের দ্য সালবেসন আর্মির ফান্ডরেইজিং অনুষ্ঠানে চিত্রকর্মের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আরো ছিলেন সিঙ্গাপুরের ফার্স্ট লেডিসহ বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় মো. মুকুল হোসেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তার গানের লিরিক বাধাইটি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নমের হাতে তুলে দেন।
কবি মুকুল দীর্ঘ দিন ধরে নন-প্রফিট সংগঠনের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছেন। সিঙ্গাপুরের পাবলিকেশন থেকে তার প্রকাশিত বই 'মি মাইগ্র্যান্ট' ও 'ব্রেভিং লাইফ' ২০১৬ ও ২০১৭ সালে আলোড়ন তুলেছিল সিঙ্গাপুরের সাহিত্য অঙ্গনে।
কবি মুকুল বলেন, সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সান্নিধ্য যেন আমার জীবনের বর্ণিল ক্যানভাসে রঙের ঝলক। আমার দেয়া বইগুলো রাষ্ট্রপতির হাতে পৌঁছানোর সেই মুহূর্তে, আমার শ্রমজীবী হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন আশীর্বাদে মুখরিত হচ্ছিল। সিঙ্গাপুরে আমি স্বপ্ন বুনতে এসেছি। লেখালেখি, গান গাওয়া এবং আঁকার যে জার্নি, তা আমার অস্তিত্বের শিকড়ে ধীরে ধীরে ইতিহাস হয়ে উঠছে। আমি আমার ফাঁকা সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করেছি এবং আজও করে যাচ্ছি।
১৯৮৯ সালে লালমনিরহাটের পাটগ্রামের কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী গ্রামে মুকুলের জন্ম। ২০০৮ সালে পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ শুরু করেন। এ সময়ের একাকিত্বই তার মধ্যে জাগিয়ে তোলে কবিসত্তা। ২০১৬ সালে তার প্রথম কবিতার বই প্রকাশ হয়, যা তাকে খ্যাতি এনে দেয়। ইংরেজিতে অনূদিত বইটির নাম 'মি মাইগ্র্যান্ট'। সিঙ্গাপুর থেকে 'ব্রেভিং লাইফ' নামে তার কবিতার সংকলন প্রকাশিত হয়। এছাড়া বাংলাদেশ থেকে তার কবিতার বই 'অপূর্ণ বাসনা' ও উপন্যাস 'দুঃখের সীমানায় সুখ' প্রকাশিত হয়েছে।










