স্থানীয় সরকার শক্তিশালীকরণের আন্দোলনের অন্যতম মুখ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ওয়েভ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তার মৃত্যু দেশের বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া ও স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান অধ্যাপক তোফায়েল আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

১৯৫৪ সালের ১ মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ও একাধিক দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষক ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করতেন এবং তার লেখা বহু বই পাঠকমহলে সমাদৃত হয়েছে।

অধ্যাপক তোফায়েল আহমেদ সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করার পক্ষে তিনি ছিলেন এক দৃঢ় কণ্ঠস্বর।

গভার্নেন্স এডভোকেসি ফোরামের বিভিন্ন কার্যক্রমে তিনি নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন। সংগঠনটি বলেছে, স্থানীয় সরকার ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আন্দোলনে তার চিন্তা ও দিকনির্দেশনা দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।

ওয়েভ ফাউন্ডেশন ও গভার্নেন্স এডভোকেসি ফোরামের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও গভার্নেন্স এডভোকেসি ফোরামের সমন্বয়কারী মহসিন আলী বলেন, ‘অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। স্থানীয় সরকারব্যবস্থার বিকাশে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

—বিজ্ঞপ্তি