ঢাকায় শুরু হয়েছে দুদিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনী সনি এক্সপো-২০২৫। এ প্রদর্শনীতে উদ্বোধন করা হয়েছে জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির নতুন উদ্ভাবিত ব্রাভিয়া ৫ সিরিজের টেলিভিশন। একইসঙ্গে উদ্বোধন করা হয়েছে ব্র্যান্ডটির সর্বশেষ মডেলের সাউন্ড বার ও আল্ট্রা সাউন্ড সিস্টেম এফওয়াই টুফাইভ সিরিজের পণ্য।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পণ্যগুলোর উদ্বোধন করেন আরএমডিসি সনি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন। এ সময় তিনি বলেন, প্রযুক্তি, উদ্ভাবন ও গুণগত মানের প্রতি আমাদের অবিচল অঙ্গীকারই সনিকে বিশ্বব্যাপী সেরা করেছে। ব্রাভিয়া টিভির নতুন মডেল, সাউন্ড বার ও আল্ট এফওয়াই টুফাইভ সিরিজ এই প্রতিশ্রুতির অনন্য উদাহরণ, যা ঘরোয়া বিনোদনের ধারণাকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে।
সনি হোম এন্টারটেইনমেন্টের প্রধান মাশচাভালিত কেমনুজ মিং বলেন, ব্রাভিয়া সিরিজের টিভিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, ঘরই হয়ে উঠবে সিনেমা হল। এ টেলিভিশনে সর্বোচ্চ মানের রেজ্যুলুশন রয়েছে। এছাড়া রঙের গভীরতা ও অসাধারণ কনট্রাস্ট দর্শককে সিনেমার প্রতিটি মুহূর্ত আরো প্রাণবন্তভাবে উপভোগ করতে সাহায্য করবে।
বাংলাদেশে সনি পণ্যের প্রধান পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সনি মানেই গুণগত পণ্য, নতুন ও ভিন্ন কিছু। সিনেমা ঘরে আসার যে ট্রেন্ড চালু হচ্ছে, সেটা আজ এ প্রদর্শনীর মাধ্যমে আমরা দেখাচ্ছি। প্রদর্শনীতে ৯৮ ইঞ্চি টিভি থেকে শুরু করে সাউন্ড সিস্টেমসহ সনির নানা ধরনের পণ্য আছে। আশা করি গ্রাহকরা নতুন অভিজ্ঞতা পাবেন।
দুদিনের এ প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত। এতে সনির নতুন মডেলের পণ্যগুলোর ওপর বিশেষ ছাড় দেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো ছিলেন সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমানসহ সনি-স্মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।










