সারাদেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিতর্ক শেখার সুযোগ করে দিতে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) চালু করেছে স্কুল অব ডিবেট ২০২৫। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে দেশের প্রথিতযশা বিতার্কিকদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিডিএফ-এর মৌলিক ও প্রসিদ্ধ এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিএফ-এর সাবেক সভাপতি ড. আব্দুন নূর তুষার, বুলবুল হাসান, হাসান মাহমুদ, বিপ্লব বাবু, সাবেক সাধারণ সম্পাদক আসিফ নেওয়াজ এবং যুক্তরাজ্যের রেডব্রিজ কাউন্সিলের কেবিনেট সদস্য সৈয়দা সায়মা আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিএফ-এর সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী এবং সভাপতিত্ব করেন বিডিএফ-এর সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায়।
মোট ১৮টি অনলাইন ক্লাসের সমন্বয়ে তিন মাসব্যাপী এই সার্টিফিকেট কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের স্বনামধন্য ও অভিজ্ঞ বিতার্কিকেরা। বিতর্কে অভিজ্ঞ ও অনভিজ্ঞ—এই আয়োজনে পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আগ্রহী শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে বিতর্ক শেখার পাশাপাশি তাদের কার্যকরী অভিজ্ঞতা, জ্ঞান এবং পাবলিক স্পিকিংয়ের দক্ষতা উন্নত করতে পারে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায় তরুণদের মধ্যে প্রজ্ঞা, যুক্তিচর্চা ও দক্ষতা বৃদ্ধির জন্য বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘বিতর্ক শুধু একটি বাচিক শিল্প নয়; এটি আমাদের গণতন্ত্রের টেকসই বিকাশ, ভবিষ্যত নেতৃত্ব এবং যুক্তিবাদী ও সহনশীল সমাজ গড়ে তোলার একটি মাধ্যম। বিডিএফ বিশ্বাস করে, এই স্কুল অব ডিবেট সারাদেশের বিতর্কপ্রেমী কিশোর-কিশোরীদের যুক্তিবাদী কণ্ঠস্বর শাণিত করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতিনিধি হয়ে উঠতে তাদেরকে প্রস্তুত করতে সাহায্য করবে।’- বিজ্ঞপ্তি










