কোন প্রার্থনায় চেয়েছিল
আমায়, মা
আমায় তো ছুঁলো না সে
পাটিপাতা আসন
তুমি ধাক্কা দাও কুণ্ডলী
পাকিয়ে?
আমি তো রুমির নৃত্যে মশগুল-
মসনবীর সাথে
নীলের জঙ্গলা পড়া ছেঁড়া
আব্রুর একাংশ চেয়েছি
নীল ছুঁয়ে...!
অকস্মাৎ পরজাত জন্মান্ধ
আমি জেনেছিলাম
ঘূর্ণনেই ঈশ্বরের দেখা মেলে!
আমারই ভেতর, বলে
ওঠে— মানবসন্তান তুমি তো
তোমারই ঈশ্বর বাঁচো-ক্রোধে, ক্লেশে...
হারানোর ব্যথা-কিসের?
সময়েই তো সব শেষ হবার
পালা, আমার বাবার স্বপ্ন আটক
আমারেই নিয়ে,
সেজদায় ফিরে আসে
ফের; হাতে তুমুল দুর্ভিক্ষের
হাহাকার,
জয়নুল গ্যালারির এপিঠ-ওপিঠ
আমাদের আকারে অন্তরঅক্ষি
কে আঁকে?
তবু চেয়ে আছে মা আমার
প্রার্থনার-পাটিতে!






