সাগরিকার হ্যাটট্রিকে ভর করে নেপালকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল বাংলাদেশের মেয়েরা। আজ ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে নেপালের ওপর কর্তৃত্ব করে জিতেছে আফঈদা খন্দকারের দল। ম্যাচের চারটি গোলই করেন সাগরিকা। এর মধ্য দিয়ে টানা ছয় ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল পিটার বাটলারের দল। সদ্যই তার অধীনে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। এবার এলো অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা। সিনিয়র সাফেও টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
এ নিয়ে অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ের সাফ চ্যাম্পিয়নশিপে পঞ্চমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ। ২০২৩ সালের সর্বশেষ আসরে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজরা। এর আগে ২০১৮ (অনূর্ধ্ব-১৮), ২০২১ (অনূর্ধ্ব-১৯), ২০২৩ (অনূর্ধ্ব-২০) ও ২০২৪ (অনূর্ধ্ব-১৯) সালে বয়সভিত্তিক সাফ শিরোপা জয় করে বাংলাদেশ।
গত আসরের যুগ্ম চ্যাম্পিয়ন ভারত এবার অংশ নেয়নি। চার দলের এ আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুবার করে খেলেছে। গতকালই ছিল শেষ রাউন্ড। বেলা তিনটায় আনুষ্ঠানিকতার ম্যাচে শ্রীলংকাকে ৫-০ গোলে হারায় ভুটান। সন্ধ্যায় বাংলাদেশ-নেপাল ‘ফাইনাল’ ম্যাচে ৪-০ গোলের জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ।
৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। নেপালের অর্জন ১২ পয়েন্ট, যারা দুই ম্যাচেই বাংলাদেশের কাছে হারল। প্রথম ম্যাচে লড়াই করে ২-৩ গোলে হারলেও আজ দাঁড়াতেই পারেনি।
আজ ৪ গোল করায় আসরে সাগরিকার নামের পাশে হয়ে গেল ৮ গোল। যদিও নেপালের পুর্নিমা রায় সর্বোচ্চ ১০ গোল করেছেন। তার স্বদেশী মিনা দিউবা করেছেন ৭ গোল। বাংলাদেশের শান্তি মার্ডি ও তৃষ্ণা রানী প্রত্যেকেই করেছেন ৪ গোল।









