গত সোমবার বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হওয়া তামিম ইকবাল হাসপাতাল থেকে আজ শুক্রবার বাসায় ফিরেছেন।
অসুস্থ হওয়ার পর প্রথমে তাকে বিকেএসপির পার্শ্ববর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাকে রাজধানীর এভারকেয়ারে নিয়ে আসা হয়। আজ দুপুরে তামিমকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদমাধ্যমকে তামিমের বাসায় ফেরার খবর জানিয়েছেন তার ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তিনি জানান, আজ দুপুরে এভারকেয়ার থেকে তামিমকে বাসায় নেয়া হয়েছে।
মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন তামিম। কেপিজে হাসপাতালে তার হার্টে একটি রিং পরানো হয়। তখন ডাক্তাররা জানান, ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে। কেপিজে হাসপাতালে এক দিন থাকার পর তামিমকে এভারকেয়ারে নিয়ে আসা হয়।








