বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারানোর পর ভারতকেও নাড়িয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। এবার অস্ট্রেলিয়ার মাটিতে স্মিথ-ওয়ার্নারদের বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নিয়ে চমক দেখাল জিম্বাবুইয়ানরা। যদিও তিন ম্যাচের সিরিজে প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা। তবু অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজ খেলতে গিয়ে জয় তুলে নিয়ে জিম্বাবুইয়ানরা এখন প্রশংসায় ভাসছেন।

গতকাল টাউন্সভিলে অনিয়মিত লেগ স্পিনার রায়ান বার্লের একটি স্পেল এলোমেলো করে দেয় স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। ৩ ওভার বোলিং করে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেন বার্ল। তাতে ৩১ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দলের ৯ জন ব্যাটার দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেননি। তবে অন্য ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্তে অবিচল ছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ৯৬ বলে ৯৪ রান করেছেন তিনি। বার্লের শিকার হওয়ার আগে হাঁকিয়েছেন ১৪টি চার ও দুটি ছক্কা। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ১৯ রান।

অজিদের দেয়া ১৪২ রানের লক্ষ্যে ৬৬ বল ও তিন উইকেট হাতে রেখে পৌঁছে যায় সফরকারী জিম্বাবুয়ে। কাইতানো ও মারুমানি ভালো সূচনা এনে দেন দলকে। দলীয় ৩৮ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রানে ফেরেন কাইতানো। এরপর জিম্বাবুয়ের ব্যাটারদেরও আসা-যাওয়ার মিছিল শুরু হয়। ওয়েসলে মাধেভেরে (২), শন উইলিয়ামস (০) ও সিকান্দার রাজা (৮) দ্রুতই ফেরেন। তখন অজিদের পক্ষে ম্যাচ কিছুটা হেলে পড়ে। কিন্তু অধিনায়ক চাকাভার দায়িত্বশীল ব্যাটিং ও পরের ব্যাটারদের ছোট ছোট ইনিংসের অবদানে জয় পায় জিম্বাবুয়ে। ৭২ বলে ৩৭ রানে অপরাজিত থেকে জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন চাকাভা।