আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের ১৩তম ওয়ানডে বিশ্বকাপ আসর। এই আসরে খেলার সরাসরি টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলংকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। আগামী বুধবার পাকিস্তানের মাটিতে বাছাইপর্ব শুরু হবে।
বাছাইপর্বে স্বাগতিক পাকিস্তানসহ মোট ছয়টি দেশ অংশ নিচ্ছে। বাকি দেশগুলো হলো বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দলগুলো একে অপরের সঙ্গে খেলবে এবং টেবিলের শীর্ষ দুটি দল উঠে যাবে বিশ্বকাপে।
বুধবার প্রথম দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের মুখোমুখি হবে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে স্কটল্যান্ড। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। পরদিন মাঠে নামবে বাংলাদেশ, নিগার সুলতানাদের প্রতিপক্ষ থাইল্যান্ড।
এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড ও ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।








