বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়ের পর মেক্সিকো সিটিতে বিজয় উদযাপনের সময় দমবন্ধ হয়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী নারী এবং অন্যজন ৪৪ বছর বয়সী পুরুষ। খবর রয়টার্স।
ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্থানীয় সময় মঙ্গলবার মুখোমুখি হয় মেক্সিকো ও ইকুয়েডর। নকআউট রাউন্ডের এ ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পায় উত্তর আমেরিকার দেশটি। এর মধ্য দিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের দেখা পেল তারা।
ফুটবলের বিশ্ব আসরে নিজ দলের এ জয় উদযাপনে দেশটির অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স স্মৃতিস্তম্ভের কাছে হামবর্গো এবং ল্যাঙ্কাস্টার স্ট্রিটে জড়ো হয়েছিলেন হাজারো জনতা। সেখানেই দমবন্ধ হয়ে মারা যান ওই দুজন।
স্থানীয় সরকারের হিসাব অনুযায়ী, মেক্সিকো সিটির রাস্তায় বিশেষ করে ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের চারপাশে ১০ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিল।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমধ্যমে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত পুনরুজ্জীবন প্রচেষ্টা প্রদানের পরও দমবন্ধ হয়ে ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে।














