বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়েছে বেলজিয়াম। নানা নাটকীয়তার মধ্য দিয়ে পাওয়া এ জয়ে সাদিও মানেদের বাড়ি পাঠিয়ে শেষ ষোলোয় নিজেদের স্থান নিশ্চিত করল রোমেলু লুকাকুর দল।

সিয়াটলে অনুষ্ঠিত এ ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে সেনেগাল। বিপরীতে যেন নিজেদের ছন্দ খুজে বেড়াচ্ছিল বেলজিয়াম। ম্যাচের ৯ মিনিটে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। চার্লস ডি কেটেলারের পাস থেকে নেয়া তার লো শট রুখে দেন সেনেগালের গোলরক্ষক দিয়াও। ১৪ মিনিটে এক রকম ফাঁকা জাল পেয়েও সুযোগ নষ্ট করেন ইসমাইলা সার। ১৮তম মিনিটে ইদ্রিসা গুইয়ের জোরালো শট রুখে দেন কোর্তোয়া।

২৫তম মিনিটে বাম দিক থেকে সাদিও মানের ক্রস হেড করেন ইসমাইলা সার৷ বল ডান দিকের বারে লেগে ফিরলে মুহূর্তেই ছোট পাসে জালে বল জড়িয়ে দেন হাবিব দিয়ারা। ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল।

এরপর ৩৭তম মিনিটে আবার আক্রমণে সেনেগাল৷ সাদিও মানের সে চেষ্টা অবশ্য সামলে নেন কোর্তোয়া। প্রথমার্ধের শেষ দিকে ও যোগ করা সময়ে আরো দুটি কর্নার পেলেও তা থেকে সুযোগ বের করতে পারেনি বেলজিয়াম।

বিরতির পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে সেনেগাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিয়াখাতের লম্বা পাস বুকে রিসিভ করে হাফ-ভলিতে বেলজিয়ামের জালে বল পাঠান ইসমাইলা সার। ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল।

তবে নাটকীয়তার এ ম্যাচ পাল্টে যায় মূল সময়ের শেষ ৫ মিনিটে। শুরু থেকে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা না পাওয়া বেলজিয়াম ম্যাচে ফেরে ৮৬তম মিনিটে। রোমেলু লুকাকুর গোলে ব্যবধান কমায় বেলজিয়াম।

সেই গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ৮৯তম মিনিটে ইউরি টিলেমান্সের দুর্দান্ত হেডে সমতায় ফেরে দলটি। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে ফিরে আসে বেলজিয়াম।

নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এ পুরো সময়জুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল বেলজিয়ামের দখলে। ১১৭ মিনিটে আমাদু ওনানার পাস থেকে দিয়েগো মোরেইরার নিচু ক্রসে বল পান লুকেবাকিও। তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ভিএআরের সহায়তায় বক্সের ভেতর ইউরি তিলেমান্সের ওপর ফাউলের সিদ্ধান্ত বদলে ১২০+২ মিনিটে পেনাল্টি পায় বেলজিয়াম।

১২০+৫ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন ইউরি তিলেমান্স। চাপের মুহূর্তে ডান পায়ের নিখুঁত শটে বল জালের ওপরের ডান কোণে পাঠান তিনি। গোলরক্ষকের কোনো সুযোগ ছিল না। এই গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।

শেষ মুহূর্তে ফ্রি-কিক পেলেও তা আর কাজে লাগাতে পারেনি সেনেগাল। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে বেলজিয়াম।