‘হ্যালো সুপারস্টারস’ এর তত্ত্বাবধানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো মালয়েশিয়ায় ‘লা লিগা ইউথ টুর্নামেন্ট-২০২৫’-এ বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ ফুটবলারদের একটি দল খেলতে যাচ্ছে।
এ দল গঠনের অংশ হিসেবে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের ফুটবলারদের (স্থানীয় ক্লাব, একাডেমি ও ব্যক্তিগত পর্যায়) বিনা খরচে অংশগ্রহণের জন্য অনলাইনে বাছাই শেষে মাঠ পর্যায়ের বাছাইপর্ব গত ১৬ জুন সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাথলেটিক্স ট্র্যাক মাঠে অনুষ্ঠিত হয়। মাঠ পর্যায়ে উক্ত বাছাই প্রক্রিয়ায় বিকেএসপির সাবেক মহাপরিচালক লে. কর্নেল (অব.) এম এ লতিফ খানের নেতৃত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, মামুনুল ইসলাম মামুন ও জাহিদ হাসান এমিলি।
এ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা ১৬ জনের একটি দল আগামী মাসে মালয়েশিয়ায় ‘লা লিগা ইউথ টুর্নামেন্ট ২০২৫-এ ‘হ্যালো সুপারস্টারস’ এর তত্ত্বাবধানে বাংলাদেশের জাফরানী স্পোর্টিং ক্লাবের অধীনে অংশ নেবে।









