ক্যালেব ইয়েরেঙ্কির শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ সময় আজ ভোরে নিজেদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ঘানা। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্র্যান্ডন থমাস-আসান্তের বাড়ানো বল থেকে গোল করেন তিনি।

পুরো ম্যাচে দুই দলই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে শেষ মুহূর্তে বাঁ দিক দিয়ে ফাঁকা জায়গা পেয়ে থমাস-আসান্তে বলটি গোলমুখে পাঠান। সেখানে ইয়েরেঙ্কি বল জালে জড়িয়ে দিলে আনন্দে মাঠে ছুটে আসেন তার সতীর্থরা।

এদিকে ধর্ষণ মামলায় ইংল্যান্ডে বিচার প্রক্রিয়ার অপেক্ষায় থাকায় কানাডায় প্রবেশের অনুমতি পাননি ঘানার মিডফিল্ডার থমাস পার্টি। ফলে তাকে ছাড়াই মাঠে নামে ঘানা।

শেষ মুহূর্তের গোলের কারণে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট পাওয়ার আশা ভঙ্গ হয় পানামার।

প্রথমার্ধে গোলমুখে একমাত্র শটটি আসে ম্যাচের দ্বিতীয় মিনিটে। পানামার ফরোয়ার্ড সেসিলিও ওয়াটারম্যান আমির মুরিল্লোর নিচু ক্রস ধরে বক্সের মাঝখান থেকে শট নেন। তবে ঘানার গোলরক্ষক আতি-জিগি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বলটি ফিরিয়ে দেন।

কঠিন কয়েকটি ধাক্কা সামলানোর পর আতি-জিগি বিরতির সময় মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে তার পরিবর্তে গোলপোস্টে দাঁড়ান বেঞ্জামিন আসারে।

এ জয়ে গ্রুপ ‘এল’-এ শীর্ষে উঠে এসেছে ঘানা। একই দিনে ইংল্যান্ড ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছে।

বৃষ্টিভেজা বিএমও ফিল্ডে প্রথম এক ঘণ্টা খুব কম সুযোগ তৈরি হলেও এরপর ম্যাচে গতি বাড়ে এবং দুই দলই গোলের উদ্দেশ্যে একের পর এক শট নিতে শুরু করে।

ম্যাচের ৬৫তম মিনিটে ব্র্যান্ডন থমাস-আসান্তে পানামার রক্ষণভাগ ভেঙে ছয় গজ বক্সের সামনে জর্ডান আয়ুর উদ্দেশে বল বাড়ান। কিন্তু জিওভানি রামোস পেছন থেকে দ্রুত এসে ট্যাকল করে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন।