বার্মিংহাম কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ পুরুষ দল। শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফিজিকে ৩-০ সেটে ও গায়ানাকে ৩-২ সেটে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৩-০ সেটে হেরে যায় লাল-সুবজ জার্সিধারীরা। যদিও শেষ আটে খেলা নিয়ে কোনো সংশয় নেই।
বৃহস্পতিবার দলগত ইভেন্টে প্রথম ম্যাচে দ্বৈতে রামহিম লিয়ন বম ও মুহতাসিন আহমেদ ৩-২ গেমে হারান জোনাথন ফন লাং ও ক্রিস্টোফার ফ্রাঙ্কলিনকে। এরপর এককে রিফাত সাব্বির ১-৩ গেমে হেরে যান শিমার ব্রিটনের কাছে। কিন্তু তৃতীয় মুহতাসিন ৩-১ গেমে হারান জোনাথনকে। তবে রামহিমকে চতুর্থ ম্যাচে ৩-০ গেমে ব্রিটন হারিয়ে দিলে ম্যাচের ভাগ্য গড়ায় শেষ সেটে। ম্যাচ নির্ধারণী সেটে সাব্বিরের প্রতিপক্ষ ছিলেন ফ্রাঙ্কলিন। পরে সাব্বির ৩-২ গেমে জিতে বাংলাদেশকে নিয়ে যান শেষ আটে।
বাংলাদেশ টিটি দলের এ সাফল্যে মুগ্ধ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি খেলোয়াড়দের তাত্ক্ষণিক অর্থ পুরস্কারেরও ঘোষণা দেন। প্রত্যেক খেলোয়াড়কে তিনি ৫০ হাজার করে টাকা পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি দেন।
গ্রুপ-ওয়ান থেকে ইংল্যান্ড ও বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেছে। চার গ্রুপ থেকে আটটি দল উঠবে শেষ আটে।
টিটিতে বাংলাদেশের হয়ে কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছেন মোহতাসিন আহমেদ হূদয়, রিফাত মাহমুদ সাব্বির, মুফরাদুল খায়ের হামজা, রামহীম রিয়ন বুম, সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ।










