ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১০৪ নম্বরে, আর আজারবাইজান রয়েছে ৭৪ নম্বরে। ঠিক ৩০ ধাপ উপরের এ দলটির মুখোমুখি হবেন ঋতুপর্ণা, আফঈদারা। ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এ ম্যাচটি।

তিন জাতির এ সিরিজে এরই মধ্যে মালয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছে আজারবাইজান। তার আগে বাংলাদেশ ০-১ গোলে হেরেছে মালয়েশিয়ার কাছে। মঙ্গলবার বাংলাদেশকে হারালেই কিংবা ড্র করলেই শিরোপা জিতে নেবে ইউরোপের দেশটি। যদিও পিটার বাটলারের দলটি ঘরের মাঠে শেষ পর্যন্ত লড়াই করতে চায়।

সোমবার সকালে প্রায় এক ঘণ্টা অনুশীলন করে বাংলাদেশের মেয়েরা। এ সময় আক্রমণে গতি আনা, রক্ষণে শৃঙ্খলা আনয়ন আর সুযোগ কাজে লাগানোর ওপর জোর দেন বাটলার।

টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল উভয় দিক থেকেই এগিয়ে থাকা আজারবাইজানের খেলোয়াড়রাও সোমবার ন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন করেন। অনুশীলনের আগে বাংলাদেশ দলের আক্রমণভাগের সম্ভাবনা নিয়ে কথা বলেন আজারবাইজান নারী দলের হেড কোচ সিয়াসাত আসগারভ। তিনি বলেন, ‘বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচটি আমি দেখেছি। অনেক সম্ভাবনা দেখছি বাংলাদেশ দলে। সুযোগ কাজে লাগাতে পারলে স্কোরলাইন ভিন্ন হতে পারতো। আমরা তাদের গতিসম্পন্ন খেলোয়াড় ও টিমওয়ার্ম সম্পর্কে জানি—নিশ্চয়ই তারা সুযোগ কাজে লাগাতে চাইবে।’

593615968_1903289520300265_3697372336205830847_n

তিনি আরো বলেন, ‘আগের ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে দেখেছি, মালয়েশিয়া ও বাংলাদেশ প্রায় একই ট্যাকটিকস প্রয়োগ করেছে। বাংলাদেশ প্রতি আক্রমণ আর তাদের উইঙ্গারদের গতিকে কাজে লাগাতে চাইবে। আমার তাদের প্ল্যানকে সম্মান জানাচ্ছি এবং একটি চ্যালেঞ্জিং ম্যাচের আশা করছি।’