মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫’-এ রানার্সআপ হয়েছে বাংলাদেশের জাফরানি স্পোর্টিং ক্লাব। স্পেন, পাকিস্তান ও মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশের প্রতিনিধিরা শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে হেরে যায়।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ৩৫ মিনিটে বাংলাদেশের বিপক্ষে গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া। প্রথমবারের মতো আসরটিতে অংশ নিয়েই রানার্সআপ হয় বাংলাদেশের জাফরানি স্পোর্টিং ক্লাব।

লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে এই প্রথমবার বাংলাদেশ থেকে হ্যালো সুপারস্টারসের মাধ্যমে কোনো দল অংশ নেয়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে চুলচেরা বিশ্লেষণের পর জাফরানি স্পোর্টিং ক্লাবকে (অনূর্ধ্ব-১৬) লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে খেলার অনুমতি দেয়া হয়।

হ্যালো সুপারস্টারসের সার্বিক ব্যবস্থাপনায় গত ১০ জুলাই বাংলাদেশ দলটি মালয়েশিয়ায় যায় এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইউ পি এম স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এ প্রতিযোগিতায় স্পেন, ভারত, পাকিস্তান ও মালয়েশিয়াকে পেছনে ফেলে প্রথমবারেই লা লিগার আয়োজনে এ আসরে রানার্সআপ হয়ে ইতিহাস সৃষ্টি করে।

রানার্সআপ বাংলাদেশকে ট্রফি তুলে দিতে গিয়ে লা লিগার আয়োজক ড্যনিয়েল ওং টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশকে অন্তর্ভুক্ত হওয়ায় হ্যালো সুপারস্টারসের উদ্ভাবক ও জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসানকে ধন্যবাদ জানান। ড. কামরুলের নিরলস চেষ্টা ও তার আন্তর্জাতিক পরিচিতি লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণে সহায়ক ভূমিকা পালন করেছে।