সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ অঘোষিত ফাইনাল। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে ন্যূনতম ড্র করলে কিংবা জিতলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। আর হারলে শিরোপা চলে যাবে নেপালে।
চার দলের এ আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুবার করে খেলছে। আজই শেষ রাউন্ড। বেলা তিনটায় আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও ভুটান। সন্ধ্যায় বাংলাদেশ-নেপাল ‘ফাইনাল’। দুই দলের প্রথম দেখায় ৩-২ গোলের জয় পায় বাংলাদেশ।
এখন পর্যন্ত ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল। নেপালিরা ৩ পয়েন্টে পিছিয়ে থাকলেও গোলগড়ে এগিয়ে রয়েছে। ফলে, তারা জিতলেই চ্যাম্পিয়ন হবে।নেপাল জিতলে দুই দলেরই পয়েন্ট হয়ে যাবে ১৫, তখন গোল ব্যবধান দিয়ে দুই দলকে আলাদা করা হবে।
নেপালের পুর্নিমা রায় এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ গোল করেছেন। তার স্বদেশী মিনা দিউবা করেছেন ৭ গোল। বাংলাদেশের সাগরিকা, শান্তি মার্ডি ও তৃষ্ণা রানী প্রত্যেকেই করেছেন ৪ গোল।









