ঘরের মাঠে গতকাল রাতে আল ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে আল নাসর। গত মাসে দলটির কোচ হিসেবে নিয়োগ পাওয়া পস্তেকগ্লুর প্রথম ম্যাচ এটি।

পর্তুগালে গত মঙ্গলবার ১০ বছরের সহবাসী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেন রোনালদো। এর দুদিন পর বৃহস্পতিবার ক্লাবের অনুশীলনে ফেরেন ৪১ বছর বয়সী ফরওয়ার্ড। ক্লাবের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় রোনালদোকে স্বাগত জানান কোচ। তিনি বলছিলেন, ‘স্বাগতম এবং অভিনন্দন ক্রিস। তোমার ও তোমার পরিবারের জন্য আশীর্বাদ রইল, বন্ধু।’

প্রথম ম্যাচে রোনালদো খেলতে পারেন কিনা, জানতে চাইলে অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘রোনালদো সবসময় প্রস্তুত।’

পেশাদার ফুটবল ক্যারিয়ারে এটা রোনালদোর ২৫তম মৌসুম। তিনি এক হাজার ক্যারিয়ার গোলের পথে ছুটছেন। ক্লাব ও দেশের হয়ে ১ হাজার ৩২৬ ম্যাচে তার গোল এখন ৯৭৬টি। গত মৌসুমে সৌদি প্রো লিগে করেন ২৮ গোল।

হোর্হে হেসুসের জায়গায় গত ৩ জুলাই পস্তেকগ্লুকে কোচ হিসেবে নিয়োগ দেয় আল নাসর। তার সঙ্গে ক্লাবটির চুক্তি হয়েছে দুই বছরের।