বিশ্বকাপ আসরের রাউন্ড অব ৩২-এ ঘানাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। কানসাস সিটিতে অনুষ্ঠিত এ ম্যাচের ১৪ মিনিটে জন আরিয়াসের করা গোলে ভর করেই শেষ ষোলোয় জায়গা করে নিল কলম্বিয়া। আর এর বিপরীতে ঘানার এবারের আসরের যাত্রা থামল এখানেই।

ম্যাচের শুরুতেই অবশ্য প্রথম সুযোগটা পেয়েছিল ঘানা। নিজেদের অর্ধে জেমস রদ্রিগেসের ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে থমাস পার্তেই দূরপাল্লার শট নেন। বল অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কলম্বিয়া। চলে একের পর এক আক্রমণ। ম্যাচের ১৪ মিনিটের মাথায় আসে একমাত্র গোল। বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে লুইস সুয়ারেজ ক্রস করেন। সেমেনিও সেটি ব্লক করলেও ফিরতি বলে আবারও ক্রস করেন তিনি। লুইস দিয়াজের হালকা হেড বলের দিক বদলে দেয়, আর দূরের পোস্টে অপেক্ষায় থাকা জোন আরিয়াস প্রথম ছোঁয়ায় জালে বল জড়িয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

এরপরও আক্রমণের ধার কমায়নি কলম্বিয়া। দিয়াজ, জেমস রদ্রিগেস ও মোহিকার সমন্বিত আক্রমণে বারবার চাপে পড়ে ঘানার রক্ষণ। সেই চাপে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি ঘানা।

দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজ আরো দুটি দারুণ সুযোগ পান। একটি গোল অল্পের জন্য অফসাইডের কারণে বাতিল হয়, আরেকটি একান্ত সুযোগে গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি। তবে আক্রমণে ধার দেখাতে পারেনি ঘানা। পুরো ৯০ মিনিটে তারা উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি এবং কার্যকর শটও নিতে ব্যর্থ হয়।

শেষ ষোলোয় কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এর আগে ২০১৮ সালে শেষবার বিশ্বকাপে খেলেও শেষ ষোলোতে উঠে বিদায় নেয় কলম্বিয়ানরা।