বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিরুদ্ধে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয় পেয়েছে আর্জেন্টিনা। কিন্তু কে জানতো, প্রথমবার ফুটবলের বিশ্ব আসরে অংশ নেয়া কোনো দেশ বিশ্বচ্যাম্পিয়নদের এভাবে ভোগাবে! পুরো ম্যাচজুড়েই লে ব্লুসদের আত্মবিশ্বাস আর লড়াকু মানসিকতার যে আলবিসেলেস্তাদের ভীষণ চাপে ফেলে দিয়েছিল, সে কথাই অকপটে স্বীকার করেছেন কোচ লিওনেল স্কালোনির মুখেই। অবশ্য তিনি আগেই বলেছিলেন, এ জয় সহজ হবে না। আজ তা প্রমাণ হলো।
১২০ মিনিটের স্নায়ুচাপ আর চরম উত্তেজনার এক রুদ্ধশ্বাস জয়ের পর যখন বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত হলো, তখনও লিওনেল স্কালোনির চোখেমুখে স্পষ্ট আবেগ, যেন দীর্ঘ সময় ধরে চলা বুকের ধড়ফড়ানি তখনো কমেনি। ম্যাচ শেষে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বললেন, এই দল কখনোই হার মানে না। এরপর স্বস্তি আর আবেগের মিশেলে তিনি স্বীকার করেন, কোচ হিসেবে আমার ১০০তম ম্যাচে হেরে যাওয়াটা হতো অনেক খারাপ, কিন্তু ফুটবল এমনই অনিশ্চিত।
মাঠের সাইডলাইনে দাঁড়িয়ে স্কালোনি বলেন, এটি অত্যন্ত কঠিন ছিল। তবে ইতিবাচক দিকটি হলো, এই দল কখনোই আশা ছাড়ে না। আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। মানুষ যখন বলে কোনো প্রতিপক্ষই সহজ নয়... আজ তারা প্রমাণ করেছে যে তারা সত্যিই দুর্দান্ত একটি দল।
প্রতিকূল পরিস্থিতিতেও আর্জেন্টাইন খেলোয়াড়দের শারীরিক পরিশ্রম এবং জয় ছিনিয়ে আনার সাহসের প্রশংসা করে তিনি বলেন, সবাই নিজের সর্বোচ্চটা দিয়েছে। শারীরিকভাবে আমরা দারুণ পরিশ্রম করেছি এবং কঠিন পরিস্থিতির মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছি। তিনি আরো বলেন, এটাই আর্জেন্টিনা, যারা বিষয়টি বোঝেন না তাদের জন্য এটি বোঝা কঠিন; তবে আমরা আর্জেন্টাইনরা বিষয়টি বুঝি, এই জার্সি গায়ে খেলা মোটেও সহজ কাজ নয়।
ম্যাচ শেষে সাংবাদিকদের কাছে নিজেদের কঠিন লড়াইয়ের কথা অকপটে স্বীকার করে স্কালোনি বলেন, এটা তাদের জন্য জবাব, যারা বলেছিল ড্র-তে আমরা সহজ প্রতিপক্ষ পেয়েছি। অবশ্যই জয় এবং পরের রাউন্ডে যাওয়া আমাদের প্রাপ্য ছিল, কিন্তু ম্যাচটি অত্যন্ত কঠিন ছিল।
আর্জেন্টিনা তৃতীয়বার লিড নেয়ার পরও সমতায় ফেরার যথেষ্ট চেষ্টা করেছিল কেপ ভার্দে। ম্যাচের শেষ মুহূর্তে দলটির লেফট ব্যাক সিডনি লোপেস ক্যাব্রালের শট সে সুযোগও তৈরি করেছিল। ঠিক সেই মুহূর্তের অনুভূতি জানিয়ে স্কালোনি বলেন, আমি শুধু চাচ্ছিলাম ম্যাচটি যেন শেষ হয়। আপনারা দেখেছেন ওরা কী অবিশ্বাস্য একটা গোল করেছে। আমি সবসময়ই সতর্ক থাকি। তবে বাইরে থেকে যতটা দেখাচ্ছিল, আমি ভেতরে তার চেয়ে শান্ত ছিলাম। সবাই ভেবেছিল এটা খুব সহজ জয় পাব, কিন্তু আমরা জানতাম এমন হবে না।
ফেভারিট হওয়ার বাড়তি কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নে স্কালোনি বলেন, না, একদমই না। এই দলের সবচেয়ে ভালো দিক হলো, এরা কখনো দমে যায় না; শুধু এগিয়েই যায়। ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে আক্রমণ চালিয়ে গেছে। মাঠের কন্ডিশনও কিছুটা অদ্ভুত ছিল, বল ঠিকঠাক আসছিল না, যা আমাদের চেনা ছন্দের জন্য মোটেও আদর্শ ছিল না। তবে আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি।














