ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ আসর এখন মধ্যপথে। ভারতের মাটিতে ১০টি দেশ নিয়ে ৫ অক্টোবর শুরু হওয়া ক্রিকেটের এ মহারণ শেষ হবে ১৯ নভেম্বর। ১০ দেশের মধ্যে ট্রফি জিতে নেবে একটি দেশ। বাকিরা হতাশা নিয়ে বাড়ি ফিরবে। ক্রিকেটের এ মহাযুদ্ধে, মহাতারকাদের কে হাসবেন শেষ হাসি?
বেন স্টোকস: ২০১৯ সালে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের মহানায়ক বেন স্টোকস। ম্যাচজয়ী এক ইনিংস খেলে কিউইদের কাছ থেকে ছিনিয়ে আনেন ইংরেজদের বহুল প্রতীক্ষিত স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৪৯ বলে ৫২ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের হাতে তুলে দেন দ্বিতীয় টি২০ বিশ্বকাপ ট্রফি।
গত বছর জুলাইয়ে ওয়ানডে থেকে অবসর নিলেও বোর্ডের অনুরোধে বিশ্বকাপ যুদ্ধে আরো একবার শামিল হয়েছেন। হিপ ইনজুরিতে প্রথম তিন ম্যাচ না খেললেও পরের দুই ম্যাচ খেলেছেন। যদিও তাতে চিত্র পাল্টায়নি। হারের বৃত্তেই চ্যাম্পিয়নরা। এরই মধ্যে পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে ইংলিশরা। ফলে এবার সেমিফাইনালের আগেই বিদায় নেয়ার শঙ্কা স্টোকসদের। আজ লক্ষ্ণৌতে ষষ্ঠ ম্যাচে ভারতের মুখোমুখি হবে জস বাটলারের দল। পরের সব ম্যাচ জিতলেও তাদের সেমিতে খেলা নিশ্চিত নয়। তাই টানা দুটি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার সুযোগও স্টোকস পাবেন কিনা, তা নিয়ে সংশয় থাকছেই।
কেন উইলিয়ামসন : ২০১৯ বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়া কিউই দলপতি কেন উইলিয়ামসন বিশ্বের সেরা ব্যাটারদের একজন। গত বিশ্বকাপে ৯ ইনিংসে ৮২.৪৭ গড়ে ৫৭৮ রান করে সেরা খেলোয়াড় হন তিনি। এবার চোটগ্রস্ত থাকায় প্রথম দুই ম্যাচে খেলাই হয়নি। বাংলাদেশের বিপক্ষে চেন্নাইতে ফিরে ৭৮ রান করলেও ওই ম্যাচে আবার আঙুলে চোট পান। আবার ছিটকে যান বাইরে। অবশ্য শেষের দিকে তাকে ফিরে পাওয়ার আশা করছেন নিউজিল্যান্ড কোচ। নিজের শেষ বিশ্বকাপে পরপর দুইবার ফাইনাল খেলা এ তারকা কি পারবেন দেশকে প্রথম বিশ্বকাপ ট্রফি এনে দিতে? বিশ্ব ক্রিকেটমঞ্চ তারই অপেক্ষায় আছে।
বিরাট কোহলি : বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০ হাজার ও ১১ হাজার রানের রেকর্ডটি তারই গড়া। ৪৮টি সেঞ্চুরি ও ৬৮টি ফিফটিতে সাজানো মোট ১৩ হাজার ৩৪২ রানের মালিক তিনি, যেখানে ওয়ানডে ম্যাচ খেলেছেন ২৮৫টি। কোহলি পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলছেন। এখন পর্যন্ত বিশ্বকাপে ৩১ ইনিংস খেলে ৫৩.৭০ গড়ে ১ হাজার ৩৮৪ রান করে তিনি তালিকায় চার নম্বরে। এছাড়া চলতি আসরে ৫ ম্যাচে ৩টি ফিফটি ও এক সেঞ্চুরিতে ১১৮ গড়ে ৩৫৪ রান করে তালিকার দুইয়ে অবস্থান করছেন। কোহলি জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিততে তিনি কতটা মরিয়া।
রোহিত শর্মা: বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সাতটি ও এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি করার গৌরব নিয়ে ছুটছেন রোহিত শর্মা। এটি তার তৃতীয় ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ আসরে ৯ ইনিংসে ৫টি সেঞ্চুরি আর ১টি ফিফটিতে ৬৫৯ রান করে ছিলেন চার্টের শীর্ষে। এ বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে তিনি। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩১১ রান করে রয়েছেন চার্টের পাঁচ নম্বরে। রোহিত ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলে ছিলেন না। এবার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে মরিয়া তিনি। বিশ্বকাপ ইতিহাসে মোট ১ হাজার ২৮৯ রান নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন। চলতি আসর ও সব মিলিয়ে ওয়ানডে বিশ্বকাপের এ গ্রেট এবার বিশ্বকাপ জিতে ক্যারিয়ারটা রাঙাতে চান।
বাবর আজম: বর্তমানে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান বাবর আজম। ১০৯ ইনিংস খেলে ১৯টি সেঞ্চুরি ও ২৯টি ফিফটিতে করেছেন মোট ৫ হাজার ৪৯২ রান। ২০১৯ আসরে ৮ ম্যাচ খেলে তিনি ৪৭৪ রান করেন। এবার খেলছেন নিজের দ্বিতীয় বিশ্বকাপ। চলতি আসরে ৬ ম্যাচে করেছেন ২০৭ রান। ফিফটি তিনটি। বিশ্বকাপে খানিকটা বিবর্ণ থাকলেও গত দু-তিন বছর তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা আশায় বুক বেঁধে আছেন, বাবর আজমের নেতৃত্বে এবার কাপ যাবে তাদের দেশে। পাকিস্তানি এ পোস্টার বয় কি পারবেন দেশকে দ্বিতীয়বার ট্রফি এনে দিতে?
মিচেল স্টার্ক: হলুদ জার্সিতে মিচেল স্টার্ককে নিখুঁত লাইন-লেংথ, বাউন্সার, বলকে দুদিকেই সুইং করানো আর পিন পয়েন্ট ইয়র্কারগুলোই বর্তমান সময়ের সেরা পেসারদের একজন করে তুলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। পরপর দুটি ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ২০১৫ আসরে ২২টি আর ২০১৯-এ ২৭টি উইকেট নেয়া স্টার্ক এখন পর্যন্ত এ বিশ্বকাপে ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৫৬টি শিকার তার। আর ১৬টি উইকেট পেলেই গ্লেন ম্যাকগ্রার রেকর্ড (৭১ উইকেট) ভাঙবেন। ৩৩ বছর বয়সী স্টার্কের পরিসংখ্যান বলছে, কঠিন হলেও এটা তার পক্ষে অসম্ভব নয়! যদিও স্টার্কের লক্ষ্য, দেশের হয়ে আরেকবার ট্রফি উঁচিয়ে ধরা।
এছাড়া, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ান, দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন ও কুইন্টন ডি কক, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ, ভারতের জসপ্রীত বুমরাহর মতো হালের তারকারাও বিশ্বমঞ্চ রাঙিয়ে বিশ্বকাপ জিততে মরিয়া। আর ছোট দলের বড় তারকা হয়ে জ্বলছেন বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের রশিদ খান।
লেখক: প্রভাষক, অর্থনীতি বিভাগ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি









