ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরেছে বাংলাদেশ। ড্র করতে করতে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে স্বাগতিকরা। এ হারের পর লাল-সবুজদের মূল পর্বে ওঠা কঠিন হয়ে পড়েছে। তবে অসম্ভব কি? কোচ হাভিয়ের কাবরেরা এখনো আশা দেখাচ্ছেন বাংলাদেশ সমর্থকদের।

গতকাল বৃহস্পতিবার ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করে সিঙ্গাপুর ও ভারত। এ ড্রয়ের পর ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছিল সিঙ্গাপুর। পরে বাংলাদেশকে হারিয়ে শীর্ষে উঠে যায় হংকং, যাদের পয়েন্ট এখন ৭। এছাড়া ভারতের সংগ্রহ ২ পয়েন্ট, বাংলাদেশের ১।

বর্তমানে ‘সি’ গ্রুপে পয়েন্ট টেবিলের তলানির দল বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের দিকেই দৃষ্টি স্প্যানিশ কোচ কাবরেরার। বৃহস্পতিবার হারের পর তিনি বলেন, ‘এখন আমাদের মনোযোগ দিতে হবে পরবর্তী ম্যাচে। আমাদের এখনো সুযোগ আছে। সামনে হংকংয়ের সঙ্গে আরেকটা ম্যাচ আছে। যদি আমরা সেটা জিততে পারি, তাহলে আবারও আমরা গ্রুপের শীর্ষে তিনের মধ্যে চলে আসব।’

hamza goal

তবে শুধু শীর্ষ তিনের মধ্যে এলেই হবে না, শীর্ষে ফিরতে না পারলে পরের এশিয়ান কাপে খেলা সম্ভব না। সৌদি আরবে অনুষ্ঠেয় ২০২৭ সালের এশিয়ান কাপে লড়বে ২৪টি দেশ। এরই মধ্যে ১৮টি দেশের এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে। বাকি ৬টি দেশ মূল পর্বে উঠবে বাছাইপর্ব খেলে। ২৪টি দল বাছাইপর্বে ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের সেরা দলটি উঠে যাবে এশিয়ান কাপের মূল পর্বে। কাজেই বাংলাদেশকে পরের তিনটি ম্যাচই জিততে হবে, তারপর অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করবে এশিয়ান কাপে খেলার ভাগ্য।

ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা সম্পন্ন লেস্টার সিটির কৃতী ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী ম্যাচের ১৩ মিনিটে ফ্রি কিক থেকে অবিশ্বাস্য এক গোল করে এগিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। যদিও এ সুযোগটা কাজে লাগিয়ে জিততে পারেনি বাংলাদেশ দল। পরে বাংলাদেশ আরো দুটি গোল দিলেও হজম করে চারটি। পরাজয় শেষে অনেকটা সময় মাথা নিচু করে মাঠেই বসে ছিলেন হামজা। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, পরের তিনটি ম্যাচই জিততে চান তার। তিনি বলেন, ‘আশাকরি, আমরা পরের তিনটি ম্যাচই জিতব।’

তবে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ উঠবে কিনা, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।