টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে স্বাগতিক শ্রীলংকাকে ৫১ রানে হারাল ইংল্যান্ড। আজ রোববার পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ হয় হ্যারি ব্রুকের দল। সিংহলিজরা রান তাড়া করতে নেমে ৯৫ রানে অলআউট হয়ে যায়।
বিশ্বকাপে আগে এই মাঠে তিন ম্যাচের সিরিজে ৩-০তে জয়লাভ করে ইংল্যান্ড। এবার বিশ্বকাপেও ফল ভিন্ন হলো না। এবারও ইংলিশদের রাজত্ব। যদিও ব্যাটিংটা ভালো হয়নি তাদের। এরপর বোলাররা দুর্দান্ত পারফর্ম করে জিতিয়েছেন ইংল্যান্ডকে। দুই পেসারজোফরা আর্চার (২/২০) ও জেমি ওভারটন (১/১৩) তিনটি উইকেট নেন। এছাড়া সাতটি উইকেট ভাগাভাগি করেন তিন স্পিনার— উইল জ্যাকস (৩/২২), আদিল রশিদ (২/১৩) ও লিয়াম ডসন (২/২৭)।
শ্রীলংকার স্পিনবান্ধব উইকেটে সতর্কভাবে শুরু করলেও চতুর্থ ওভারে জস বাটলারকে হারায় ইংল্যান্ড। বামহাতি অর্থোডক্স স্পিনার দুনিত ভেল্লালাগের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ১৪ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান সাবেক অধিনায়ক বাটলার। দুনিতের পর আঘাত হানেন আরেক স্পিনার মহিস থিকসানা। তার বলে শর্ট থার্ডম্যান অঞ্চলে মদুশঙ্কাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান জ্যাকব বেথেল। ইংলিশরা পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান তুলতে সমর্থ হয়।
এরপর বিপজ্জনকভাবে সিঙ্গেল নিতে গিয়ে রানআউটের শিকার হন টম ব্যান্টন। দশম ওভারের শেষ বলে অধিনায়ক হ্যারি ব্রুককে হারায় ইংলিশরা। বাটলারের মতোই তিনিও দুনিতের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। ১০ ওভারশেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬৮/৪।
৯৪ রানের সময় স্যাম কারানও সাজঘরের পথে হাঁটেন। পরে ফিল সল্টের ব্যাটে ভর করে একশ পেরিয়েছে ইংলিশরা। যদিও একশর পরপরই বিদায় নেন সল্টও। তিনি ৪০ বলে ৬২ রান করেন ৬ বাউন্ডারি ও ২ ছক্কায়।
এরপর উইল জ্যাকস (২১) আর জেমি ওভারটনের (১০) ব্যাটে ভর করে ১৪৬ রানের পুঁজি পায় ইংল্যান্ড। শ্রীলংকার দুনিত ২৬ রানে ৩টি এবং থিকসানা ও দিলশান মদুশঙ্কা ২টি করে উইকেট নেন। বোলাররা ভিত গড়ে দিলেও ব্যাটাররা পারেননি এই রান চেজ করে শ্রীলংকাকে জেতাতে।









