সদ্যই লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমাদের শিরোপা উদযাপনের ঠিক তিনদিন পর লর্ডসের ৯ হাজার মাইল দূরের সমুদ্রবিধৌত ভেন্যু গলে আজ শ্রীলংকা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। এ চক্রে শুভসূচনা চায় দুই দলই। খেলা শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

অস্ট্রেলিয়ার কাছে হোম সিরিজে ২-০তে হারের চার মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছে শ্রীলংকা। চলতি বছরটা ভালো কাটেনি বাংলাদেশেরও। সব ফরম্যাটে মিলিয়ে জয় এসেছে মাত্র দুটি, তাও অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে। সর্বশেষ পাকিস্তান সফরে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। আত্মবিশ্বাস তলানিতে নিয়েই আজ গল টেস্ট খেলতে নামছে ফিল সিমন্সের দল।

২০১৯-২১ চক্রে ৭ ম্যাচ খেলে জয়হীন ছিল বাংলাদেশ। ২০২১-২৩ চক্রে ১২ ম্যাচ খেলে আসে এক জয়। সর্বশেষ ২০২৩-২৫ চক্রে উন্নতি করে চারটি জয় পায় টাইগাররা। গল টেস্ট দিয়ে আজ শুরু হবে ২০২৫-২৭ চক্র। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এ চক্রে আগের চেয়ে ভালো করার প্রত্যয় নিয়ে শুরু করছে শান্তর দল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে চারটি জয় পেলেও সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে একটি ম্যাচ হেরে যায় শান্তর দল। সিলেটে ৩ উইকেটে হারের পর অবশ্য চট্টগ্রামে ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষটা থেকেই ইতিবাচক কিছু খুঁজতে চান শান্ত। তিনি বলেন, ‘দেখুন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আমরা কেমন খেলেছি, তা নিয়ে এগোনো ঠিক হবে না। তবে ওই সিরিজে আমরা শেষটা দারুণ করেছি। আমার মনে হয়, ওইটা দলকে মোটিভেট করবে।’

গলের স্পিন স্বর্গে বাংলাদেশ খেলাতে পারে স্পিন স্পেশালিস্ট স্পিনারকে। ২০২০ সাল থেকে গলে স্পিনাররা নিয়েছেন ৩৭৩ উইকেট, যা বিশ্বের যেকোনো ভেন্যুর চেয়ে বেশি। এখানে প্রতি ১০ ওভারে একটি উইকেট নিয়েছেন স্পিনাররা।

শ্রীলংকার সঙ্গে ২৬ টেস্টের মুখোমুখিতে ২০টিতেই হেরেছে টাইগাররা, জয় এসেছে মাত্র একটি। ২০১৭ সালে নিজেদের শততম টেস্টে স্বাগতিক শ্রীলংকাকে হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশ। কলম্বোতে সেই জয় পাওয়া দলটিতে যারা ছিলেন তাদের মধ্যে বর্তমান দলে আছেন শুধু মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। শান্ত মনে করেন, যদি পুরনো অভিজ্ঞতাটুকু কাজে লাগানো যায় তবে ভালো কিছু করা সম্ভব। তার কথায়, ‘এই কন্ডিশনে বেশকিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা আছে। এ অভিজ্ঞতা যদি তারা কাজে লাগাতে পারেন, তাহলে সিরিজে আমার মনে হয় যে ভালো কিছু হবে। কিন্তু আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি।’