উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল শুরু আজ মঙ্গলবার। প্রথম দিনই মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ‘রাজা’ রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৫ বারের ইউরোপসেরা দলের প্রতিপক্ষ ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। স্যান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। একই সময়ে পর্তুগালের স্পোর্টিং লিসবনে খেলবে আর্সেনাল।

শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে, বায়ার্ন মিউনিখ দুই লেগ মিলিয়ে ১০-২ গোলে হারিয়েছে ইতালির আটালান্টাকে। আর্সেনাল ৩-১ গোলে জার্মানির বায়ার লেভারকুসেনকে ও লিসবন ৫-৩ গোলে বোডো/গ্লিমটকে হারায়।

দুই দল মিলে ২১ বার জিতেছে ইউরোপিয়ান শিরোপা। যদিও এই দুটি দল কখনই মহাদেশীয় প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়নি। চলতি মৌসুমেও হবে না। কেননা, কোয়ার্টার ফাইনালেই দুই দলের একটি বিদায় নেবে।

ইউরোপের দুই হেভিওয়েট দল এ নিয়ে ১৪ মৌসুমের মধ্যে ষষ্ঠবারের মতো নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে এবং এ লড়াইগুলো ছিল বেশ একপেশে। ২০১১-১২ মৌসুম থেকে গত পাঁচটি দুই লেগের লড়াই জিতেছে রিয়াল মাদ্রিদ। একবার শেষ ষোলোয়, একবার কোয়ার্টার ফাইনালে ও তিনবার সেমিফাইনালে জিতেছে মাদ্রিদ জায়ান্টরা। সর্বশেষ ২০২৪ সালে সেমিফাইনালে ৪-৩ গোলে বায়ার্নকে হারায় স্পেনের দলটি।

HFO78xGWIAAG3Da

বায়ার্নকে আতিথ্য দেবে স্যান্টিয়াগো বার্নাব্যু। ছবি: রিয়াল মাদ্রিদ

রেকর্ড শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ যেন আহত বাঘ। সব ধরণের প্রতিযোগিতায় ১৩ ম্যাচে অপরাজিত বায়ার্ন। সর্বশেষ শনিবার ফ্রেইবুর্গকে হারিয়ে এসেছে তারা। আর রিয়াল গত শনিবার লা লিগায় হেরেছে মায়োর্কার কাছে। ওই হারটি লস ব্লাঙ্কোসদের শিরোপা জয়ের রেস থেকে অনেকটাই ছিটকে দিয়েছে। ৩০ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা, সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৬৯ পয়েন্ট। আজ কি ঘুরে দাঁড়াবে রিয়াল, নাকি ভেঙে পড়বে বায়ার্নের সামনে?

এদিকে, সুইডেনকে বিশ্বকাপে তোলার পর এবার আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে নামছেন ভিক্টর ইয়োকেরেস। আজ তিনি ফিরছেন সাবেক ক্লাব স্পোর্টিং লিসবনে, যে ক্লাবটি তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে। পর্তুগিজ ক্লাবটির হয়ে তিনি ১০২ ম্যাচ খেলে ৯৭ গোল করেছেন। এর মধ্যে গত মৌসুমেই করেছেন ৫৪ গোল। চলতি মৌসুমে ৮৫ মিলিয়ন ডলারে আর্সেনালে নাম লেখানোর পর অবশ্য সময়টা স্বস্তিদায়ক ছিল না। ৪২ ম্যাচে করেছেন ১৬ গোল। এরপরও কোচ মিকেল আরতেতা তার ওপর প্রতি ম্যাচেই আস্থা রাখছেন।

বিশ্বকাপ বাছাইপর্বের ফর্ম তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনের বিপক্ষে হ্যাটট্রিক করার পর প্লে-অফ ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে করেছেন জয়সূচক গোল। আজ লিসবনের মাঠেও তার ওপরই থাকছে সবটুকু আলো।

ঘরের মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চাইবে স্পোর্টিং, যেমনটি তারা করেছে শেষ ষোলোয়। বোডো/গ্লিমটকে দ্বিতীয় লেগে ৫-০ গোলে হারিয়ে দেয় পর্তুগিজরা। প্রথম লেগে ৩-০ গোলে হারের পর লিসবনের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। আজ আর্সেনালের বিপক্ষেও এমন চমক দেখাতে চায় রুই বোর্হেসের দলটি।

এদিকে, আগামীকাল বুধবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুল খেলবে পিএসজির মাঠে, বার্সেলোনা আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদকে।

আজকের ম্যাচ

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ

স্পোর্টিং লিসবন-আর্সেনাল

(ম্যাচ শুরু: রাত ১টা)