লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা ও বায়ার্ন মিউনিখ থেকে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কিকে কেনার পর এবার ফরাসি সেন্টার-ব্যাক জুলেস কুন্দেকে দলে ভিড়িয়ে স্কোয়াডের শক্তি বাড়াল বার্সেলোনা। লা লিগারই দল সেভিয়া থেকে ৪ কোটি ১৮ লাখ পাউন্ডে (৫ কোটি ইউরো) তাকে কিনেছে বার্সেলোনা। এর আগে লেভাকে ৪ কোটি ২৬ লাখ পাউন্ডে ও রাফিনহাকে ৫ কোটি ৫০ লাখ পাউন্ডে কিনেছে কাতালানরা।
২০২১ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ১১টি আন্তর্জাতিক ম্যাচ। সম্প্রতি তার চেলসিতে যাওয়া নিয়ে গুঞ্জন তৈরি হলেও তিনি বেছে নিলেন লা লিগারই দল বার্সেলোনাকে।
সেভিয়ার হয়ে ১৩৩টি ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী কুন্দে। ২০১৯ সালে বোর্দে থেকে সেভিয়ায় যোগ দেয়ার পর প্রথম মৌসুমেই স্প্যানিশ দলটির হয়ে ইউরোপা লিগ শিরোপা জয় করেন। এছাড়া গত বছর উয়েফা নেশনস লিগ ফাইনালে স্পেনের বিপক্ষে ফ্রান্সে ২-১ গোলের জয়ে তিনি মূল একাদশে খেলেছেন।
এই তিনজনকে উচ্চ ব্যয়ে কিনলেও এসি মিলান থেকে আইভরি কোস্ট জাতীয় দলের মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি ও চেলসি থেকে ড্যানিশ ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে বিনা ফিতেই কিনতে পেরেছে আর্থিক সংকটে থাকা জাভি হার্নান্দেজের দল। ওই দুই খেলোয়াড়ের সঙ্গে তাদের আগের ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দুজনই ফ্রি এজেন্ট হয়ে পড়েছিলেন। আবার ফরাসি উইঙ্গার ওসমান ডেম্বেলেও চুক্তি নবায়ন করায় আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা অনেকটা কমেছে কাতালানদের।
সর্বশেষ কুন্দেকে কিনে স্বস্তিতে বার্সা ম্যানেজমেন্ট। খেলোয়াড়টিও বার্সায় পাড়ি জমিয়ে ভীষণ আনন্দিত। তিনি মনে করেন, এই দলবদল তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত, যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন বার্সা কোচ জাভির কারণে। কুন্দের ভাষায়, আমি অত্যন্ত গর্বিত, কৃতজ্ঞ ও শিহরিত; কারণ আমি অনেক বড় একটি ক্লাবে আসতে যাচ্ছি। আমি বার্সার হয়ে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমি খুবই রোমাঞ্চিত।
সেভিয়াকে নিয়ে তিনি বলেন, সেভিয়া অনেক মহান এক ক্লাব, কিন্তু বার্সেলোনা আমার ক্যারিয়ারের আরেকটি বড় ধাপ, বিশেষ করে ক্রীড়ার দিক বিবেচনায়। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই জাভিকে, আমি কয়েকবার তার সঙ্গে কথা বলেছি এবং তার কথায় উদ্দীপ্ত হয়েছি।
কুন্দে নিজেকে গতিশীল, কর্মশক্তিপূর্ণ হিসেবে বর্ণনা করছেন, যিনি উন্নতির ধারায় আছেন বলেই মনে করেন। তার কথায়, আমি কথা শুনতে আর শিখতে চাই। বিবিসি ও মার্কা










