দুই যুগ পর বিশ্বের অন্যতম ক্রীড়া প্রতিযোগিতা কমনওয়েলথ গেমসে ফিরেছে ক্রিকেট। বার্মিংহামের এ আসরে বল-ব্যাটের আকর্ষণ অন্যান্য বড় ক্রীড়া আসরগুলোতেও ক্রিকেটকে টানবে বলে আশা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস আশাবাদী, কমনওয়েলথ গেমসে সফলতার মাধ্যমে অলিম্পিক গেমসেও জায়গা পাবে ক্রিকেট।
১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে প্রথমবার ক্রিকেট যোগ করা হয়েছিল। সেবার এটি ছিল ৫০ ওভারের খেলা। যেখানে দক্ষিণ আফ্রিকা পুরুষ দল স্বর্ণ জিতে নিয়েছিল। তবে এবারের আসরে শুধু নারীদের টি২০ ক্রিকেটই স্থান পেয়েছে।
অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির আশা প্রকাশ করে জিওফ অ্যালারডাইস বার্মিংহামে এক সাক্ষাত্কারে বলেছেন, ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ক্রিকেট ফিরেছে, যা বার্মিংহামে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বার্ষিক সভাও এখানেই হয়েছে। এখানে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা খুবই শিহরিত। আমাদের চাওয়া এখন অলিম্পিকেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা। আমরা অলিম্পিকে অংশগ্রহণের লক্ষ্য ঘোষণা করেছি। লস অ্যাঞ্জেলেসে ২০২৮ সালে অলিম্পিক গেমস আমাদের লক্ষ্য। অন্তর্ভুক্তির জন্য অলিম্পিক আয়োজক সংস্থাকে সব ধরনের তথ্য প্রদান করবে আইসিসি, যা খেলার মূল্যায়নে সহায়তা করবে। আগামী বছর এ বিষয়ে একটি সিদ্ধান্ত দিতে হবে।
এখন পর্যন্ত অলিম্পিকে কেবল একবারই ক্রিকেট খেলা স্থান পায়। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে খেলেছিল গ্রেট ব্রিটেন আর ফ্রান্স। ক্রিকইনফো










