ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলংকায় এ মুহূর্তে চরম অস্থিরতা চলছে। এ অবস্থায় সেখানে এশিয়া কাপ ক্রিকেটের মতো প্রতিযোগিতার আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়। বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল, এবারের আসরটি সংযুক্ত আরব আমিরাতে সরে যেতে পারে। অবশেষে সেটাই হলো। শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়েছে, এ বছরের এশিয়া কাপ তারা আয়োজন করতে পারছে না। চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
এর পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর বক্তব্য বিষয়টি আরো পরিষ্কার করে দেয়। বিসিসিআইয়ের কাউন্সিল সভার পর তিনি বলেন, এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না।
অস্থিরতার মাঝেও শ্রীলংকা পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ আয়োজন করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে। কিন্তু এ কঠিন পরিস্থিতিতে এশিয়া কাপের ছয় দলকে সামলানোর আত্মবিশ্বাস পায়নি তারা। তাই আসরটি স্থানান্তরিত হলো আরব আমিরাতে। অবশ্য শ্রীলংকা ক্রিকেট বোর্ডই এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজকের সম্মান পাবে। এসিসির এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। বলা হয়েছে, শ্রীলংকায় এশিয়া কাপ আয়োজনে প্রধান বাধা হলো দেশটিতে জ্বালানির তীব্র সংকট।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গত আসরে বাংলাদেশকে ফাইনালে হারিয়ে শিরোপা জেতে তারা। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর এশিয়া কাপ আসর বসবে।










