আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলকায় বসছে আট দলের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। এ আসরের জন্য আজ শনিবার (২৩ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলার পর বাংলাদেশ নারী দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। বাছাই টুর্নামেন্টের দল থেকে তিনটি পরিবর্তন নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকলেও মূল আসরে খেলা হচ্ছে না দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিমের। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার, অফস্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।
জাতীয় দলের হয়ে আগে টি-টোয়েন্টি সংস্করণে খেললেও ওয়ানডেতে এখনো মাঠে নামেননি রুবাইয়া। তাকে নেয়ার ব্যাখ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, ‘রুবাইয়া কঠোর পরিশ্রম করে দলে জায়গা করে নিয়েছে। গত ছয় মাসে তার উন্নতি অসাধারণ ছিল। আমরা তাকে ওপেনিং ব্যাটিং ও উইকেটকিপিংয়ে বিকল্প হিসেবে ভাবছি।’
জাতীয় দলে নিয়মিত উইকেটকিপিং করে থাকেন অধিনায়ক নিগার সুলতানা।
অফস্পিনার নিশিতার অভিষেক ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে। ওই সিরিজে তিনি দুই ম্যাচ খেলেন। এবার দীর্ঘ বিরতি। তিনি ফিরেছেন দুই বছর পর। ১৭ বছর বয়সী নিশিতাকে নিয়ে নির্বাচক সাজ্জাদ বলেন, ‘নিশিতা এখনো তরুণী, কিন্তু সে ম্যাচিউরিটি নিয়ে বল করে। ধারাবাহিক, চাপের মুখে শান্ত থাকতে পারে, বাঁহাতিদের বিপক্ষে কার্যকর।’
সুমাইয়া গত বছরে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলেন। এই ক্রিকেটারকে নিয়ে সাজ্জাদ বলেন, ‘সুমাইয়া অনেক দিন ধরেই দরজায় কড়া নাড়ছিল। তার ক্রিজ ব্যবহার করে ও প্রয়োজনে চালিয়ে খেলার সামর্থ্য আছে। তার স্কিল সেট ও ফিল্ডিংয়ের মানের কারণে সে আমাদের একটা অলরাউন্ড বিকল্প দিচ্ছে।’
২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ দলের। এরপর ৭ অক্টোকর গুয়াহাটিতে ইংল্যান্ড, একই ভেন্যুতে ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর বিশাখাপট্টনমে দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর একই ভেন্যুতে অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর নবি মুম্বাইতে শ্রীলংকা ও ২৬ অক্টোবর একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।
নারী বিশ্বকাপের বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।









